হায় অস্ট্রেলিয়া!
সাম্রাজ্য গেছে অনেক আগেই। এবারের অ্যাশেজ প্রমাণ করেছে গভীর সংকটেই পড়ে গেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। বাস্তবতা মেনে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, অ্যাশেজ-বিপর্যয় পর্যালোচনা করবে বোর্ড। ‘সংকটকাল’ মানতে অবশ্য রাজি নন মাইকেল ক্লার্ক, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মনে করেন দুঃসময়টা সাময়িক।ওয়ানডে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া এখনো শীর্ষে, তবে টেস্টে নেমে গেছে চারে। সর্বশেষ নয় টেস্টের ছয়টিতেই হেরেছে, জয় মাত্র দুটি। তবে এটিকে সংকট বলতে রাজি নন ক্লার্ক, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেট সংকটে পড়ে গেছে বলে আমার মোটেও মনে হয় না। সব বিভাগেই আমাদের খেলায় অনেক উন্নতি করা প্রয়োজন, তবে সেই প্রতিভা ও সামর্থ্য আমাদের আছে। এই সিরিজেই বেশ কিছু ভালো পারফরম্যান্স আছে। সমস্যা হলো আমরা ধারাবাহিকভাবে ভালো করতে পারিনি।’বিপর্যয়ের জন্য অনেকের অভিযোগের তীর অ্যান্ড্রু হিলডিচের দিকেও। মুড়িমুড়কির মতো ‘ব্যাগি গ্রিন’ বিলিয়েছেন প্রধান নির্বাচক, এমন অভিযোগ বিশেষজ্ঞদের। হিলডিচ কিন্তু দল নির্বাচনে কোনো সমস্যা দেখছেন না, ‘আমার মনে হয়, নির্বাচক হিসেবে আমরা ভালোই করেছি। কিন্তু বাস্তবতা হলো ওরা আমাদের উড়িয়ে দিয়েছে। সবাইকে এটা বুঝতে হবে, ওরা আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে।’ক্লার্ক-হিলডিচ না মানলেও সাদারল্যান্ড বুঝতে পারছেন একটা ঝাঁকুনি দরকার, ‘এ মুহূর্তে নিশ্চিতভাবেই আমরা শীর্ষদল নই। যত দ্রুত সম্ভব শীর্ষে ফেরার উপায় আমাদের বের করতে হবে। ভালো করি কিংবা খারাপ, প্রতিবছরই আমরা একটা পর্যালোচনা করি। এই সিরিজটা ভালো যায়নি, এ কারণেই আমরা সিরিজের পারফরম্যান্স পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছি, কী করব, কীভাবে উন্নতি করা যায়, কীভাবে শীর্ষে ফেরা যায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এভাবে চলতে থাকলে শীর্ষে ফেরা সম্ভব নয়।’ অস্ট্রেলিয়ার ক্রিকেটে বড়সড় পরিবর্তন কি তবে আসন্ন? ওয়েবসাইট।