হায় এনিয়েমা!

এক ম্যাচেই দেখা হয়ে গেল মুদ্রার দুটো পিঠ। গোলকিপিংয়ের চির সত্যটিও উপলব্ধি করতে পারলেন আরেকবার, ‘থ্যাংকলেস জব!’ ম্যাচজুড়ে নায়কোচিত পারফরম্যান্স, কিন্তু এক মুহূর্তের ভুলে দিন শেষে খলনায়ক ভিনসেন্ট এনিয়েমা!
এই নিয়ে তিনটি বিশ্বকাপ খেললেন নাইজেরিয়ান গোলকিপার। বরাবরই তিনি নাইজেরিয়ার গোলবারে আস্থার সমার্থক। বিশ্বমঞ্চে সত্যিকার অর্থে নিজেকে চিনিয়েছেন গত বিশ্বকাপে। গ্রুপপর্বে নাইজেরিয়ার তিন ম্যাচের দুটিতেই ছিলেন ম্যাচসেরা। এবারও পারফরম্যান্স যথারীতি দুর্দান্ত। প্রথম দুই ম্যাচে নাইজেরিয়ার জাল ছিল অক্ষত। পরশু ফ্রান্সের বিপক্ষেও ছিলেন চেনা চেহারাতেই। এনিয়েমার দেয়ালে মাথা কুটে মরেছে ফরাসিদের একের পর এক আক্রমণ। কিন্তু একটি মুহূর্তই যেন মাটি করে দিল সবকিছু। ৭৯ মিনিটে ফ্রান্সের একটি কর্নারে কী মনে করে গোল লাইন ছেড়ে বেরিয়ে এলেন। লাফ দিয়ে বলে হাত ছোঁয়াতেও পেরেছিলেন, কিন্তু ঠেলে দিতে পারলেন না দূরে, বিপৎসীমার বাইরে। এনিয়েমার গ্লাভসে চুমু দিয়ে বল গেল ফাঁকায় দাঁড়ানো পল পগবার কাছে। ফ্রেঞ্চ মিডফিল্ডার যখন ঠান্ডা মাথায় হেডে জালে পাঠালেন বল, গোললাইনের বাইরে থাকা এনিয়েমার অসহায় তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না। ভেঙে গেল ৭৯ মিনিটের নাইজেরিয়ান প্রতিরোধ, ভেঙে গেল হয়তো মনও। শেষ দিকে আরেকটি গোল হজম করে নাইজেরিয়া হারল ২-০ তে।
এনিয়েমার চোখধাঁধানো সব সেভ, দুর্দান্ত সব পারফরম্যান্সে কত সময়ই না প্রশংসার খই ফুটেছে স্টিফেন কেশির কণ্ঠে। দলের হারের পর দায় দিতেও এতটুকু সময় নেননি নাইজেরিয়ার কোচ, ‘গোলের দায় অবশ্যই এনিয়েমার। বলের ফ্লাইট দেখে ওকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতেই হতো। কিন্তু আমি বুঝতে পারছি না কেন সে ওভাবে বেরিয়ে গেল। আর যখন বেরিয়ে গেছেই, তখন কাজটাও ঠিকঠাক করা উচিত ছিল। ওর ওই সিদ্ধান্তই আমাদের ডুবিয়েছে। ওই মুহূর্তটাই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে, আমরা হেরে গেছি।’
অথচ ওই ভুলের আগ পর্যন্ত তিনিই ছিলেন নাইজেরিয়ার নায়ক। একের পর এক বল ঠেকিয়ে মনে করিয়ে দিচ্ছিলেন গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিকে। দল হারলেও সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন এনিয়েমা, এক লিওনেল মেসিকেই গোলবঞ্চিত করেছিলেন চারবার। সে সময়ের আর্জেন্টিনা কোচ ডিয়েগো ম্যারাডোনা বলেছিলেন, ‘এনিয়েমার কারণে লিও গোল পেল না, আমাদের জয় আরও বড় হলো না।’ সেবার গ্রিসের বিপক্ষে হেরে যাওয়ার পরও এনিয়েমা হয়েছিলেন সেরা। এবারও তো প্রথম দুই ম্যাচে বল ঢুকতে দেননি জালে, যে দুই ম্যাচের পয়েন্টেই দ্বিতীয় রাউন্ডের টিকিট পায় নাইজেরিয়া।
হায়, সেই নায়কই আজ খলনায়ক! এএফপি, ফিফাডটকম, গোলডটকম।