পাকিস্তানের সঙ্গে প্রথম তিনটি ওয়ানডেতেই হেরে ব্যর্থতার ইতিহাস আরও প্রলম্বিত করল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে বাইরে রাখুন, টেস্ট খেলুড়ে অন্য দলগুলোর বিপক্ষে টানা ২৫ ম্যাচ জয়হীন ক্যারিবিয়ানরা। এই ২৫ ম্যাচের ২২টিতেই হার (বাকি ৩টি পরিত্যক্ত)। বড় দলের বিপক্ষে সর্বশেষ জয় সেই ২০০৯ সালের ২৮ জুন, কিংস্টনে ভারতের বিপক্ষে। এবারের ৩টিসহ পাকিস্তানের বিপক্ষে টানা ৮টি ওয়ানডে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ জয় সেই ২০০৭ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩টি (সর্বশেষ জয় ১৮ অক্টোবর ২০০৬), দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২টি (২ নভেম্বর ২০০৬), ইংল্যান্ডের বিপক্ষে ৬টি (২৭ মার্চ ২০০৯), ভারতের বিপক্ষে ৪টি (২৮ জুন ২০০৯), শ্রীলঙ্কার বিপক্ষে ৪টি (১২ এপ্রিল ২০০৮) এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ৩টি ম্যাচে (৩ জানুয়ারি ২০০৯) জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষেই বা কী, সর্বশেষ ৪ ম্যাচের ৩টিতেই তো জয়ী দলের নাম ওয়েস্ট ইন্ডিজ নয়!