হায় কেনিয়া!

ক্রিকেট বিশ্বে একসময় বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ ছিল কেনিয়া। ১৯৯৭ সালে একই সঙ্গে বাংলাদেশ ও কেনিয়া পেয়েছিল ওয়ানডে মর্যাদা। কিন্তু বিগত ১৭ বছরে পুরোপুরিই ভিন্ন পথে হেঁটেছে ক্রিকেট বিশ্বের নবীন এই দুই দেশ। বাংলাদেশ যখন পেয়েছে একের পর এক সাফল্য, তখন প্রায় বিস্মৃতির অতলেই তলিয়ে গেছে কেনিয়ান ক্রিকেট। দুরবস্থার চূড়ান্ত পরিণতি হিসেবে অবশেষে ওয়ানডে মর্যাদাটাও হারাল পূর্ব আফ্রিকার দেশটি।
১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে এই কেনিয়ার কাছে হেরেই বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ হয়েছিল বাংলাদেশের। ১৯৯৬ সালে উপমহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো খেলেই সবাইকে চমকে দিয়েছিল কেনিয়া। তাদের কাছে হেরেছিল ওয়ালশ-অ্যামব্রোস-লারা-হুপারদের ওয়েস্ট ইন্ডিজ। এর পরের সময়টা পুরোটাই ছিল কেনিয়ান ক্রিকেটের উত্থানের সময়। মরিস ওদুম্বে, স্টিভ টিকোলো, টমাস ওদোয়ো, মার্টিন সুজি, আসিফ করিম কিংবা রাভিন্দু শাহদের মতো প্রতিভাবান ক্রিকেটাররা কেনিয়ান ক্রিকেটকে দিয়েছিল অন্য উচ্চতা। ১৯৯৭ সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতলেও একদিনের ক্রিকেটের মঞ্চে কেনিয়া বাধাটা পেরোতে বাংলাদেশকে যথেষ্ট সংগ্রামই করতে হয়েছে। ১৯৯৮-২০০০ এই দুই বছর কেনিয়ার সঙ্গে মোকাবিলায় মাত্র একবারই জয় পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পেয়ে গেলেও অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধার অভাব থাকায় কেনিয়াকে টেস্ট মর্যাদার বাইরেই থাকতে হয়।
তবে, বাংলাদেশ টেস্ট মর্যাদা পেলেও মাঠের পারফরম্যান্সে কেনিয়াই কিন্তু এগিয়ে ছিল অনেক বছর। ২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশ পরাজিত হয়েছিল কেনিয়ার কাছে। বড় দলগুলোকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে অবাক করে সেবার কেনিয়া চলে গিয়েছিল বিশ্বকাপের সেমিফাইনালে। কিন্তু এর পরপরই কেনিয়ার ক্রিকেট হাঁটা শুরু করে উল্টোপথে। নানাবিধ সমস্যায় জর্জরিত কেনিয়া এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের এক বিস্মৃত নামই। সর্বশেষ বিশ্বকাপে খেললেও ২০১৫ সালের বিশ্বকাপটা খেলা হচ্ছে না তাদের। শুধু তা-ই নয়, নিউজিল্যান্ডে বিশ্বকাপ বাছাইপর্বে তাদের পারফরম্যান্স যথেষ্টই হতাশার। বাছাইপর্বের সুপার সিক্স পর্ব শেষে কেনিয়ার অবস্থান ছিল পঞ্চম। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতেই জয় পেয়েছে তারা। এই পারফরম্যান্সে ওয়ানডে খেলার মর্যাদাটাই হারিয়ে বসেছে একসময়ের সম্ভাবনাময় এই দলটি। একই সঙ্গে বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে মর্যাদা নেই হল্যান্ড ও কানাডারও। নতুন করে ওয়ানডে মর্যাদা পেয়েছে বিশ্বকাপে কোয়ালিফাই করা আরব আমিরাত। ওয়ানডে মর্যাদা পেয়েছে হংকং, এমনকি পাপুয়া নিউগিনিও।