হায় জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে নিউজিল্যান্ডের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ভাবা হয় তাঁকে। ৪২ টেস্টে ক্যারিয়ারে গড়টাও মন্দ নয় ৪০.১০। আক্ষেপ একটাই, এই ৪২ ম্যাচের একটিও জিততে পারেননি বার্ট সাটক্লিফ। পুরো ক্যারিয়ারে একটা টেস্টও না জেতা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তাঁরই। ২৬ টেস্টে জয়শূন্য থেকে ক্যারিয়ার শেষ করা জিম্বাবুয়ের ব্রায়ান স্ট্রাং আছেন এরপর। নিউজিল্যান্ডের ব্যারি সিনক্লেয়ার ২১ ম্যাচে জয়ের দেখা পাননি। কমপক্ষে ১৫ টেস্ট খেলেছেন কিন্তু একটিও জেতেননি, এমন খেলোয়াড় আর আছেন ১৪ জন। সেখানে বাংলাদেশিদেরই আধিপত্য। মঞ্জুরুল ইসলাম, আনোয়ার হোসেন ও অলক কাপালি তিনজনই খেলেছেন ১৭টি ম্যাচ। শাহরিয়ার নাফীস ১৬টি, আল শাহরিয়ার ১৫টি। বাকিদের তবু ড্র ম্যাচ দেখার সৌভাগ্য হয়েছে। অলক ১৭ ম্যাচের প্রতিটিতেই হেরেছেন। শাহরিয়ার ও অলকের সামনে অবশ্য সুযোগ আছে আক্ষেপের এই তালিকা থেকে বেরিয়ে আসার।