হায় ফ্রান্স!
রাগে মুখটা কি থমথম করছিল? উত্তেজিত হয়ে মুণ্ডিত মস্তকে হাত বোলাচ্ছিলেন। তাই তো করার কথা। যে দলটিকে দু-দুবার ফাইনালে তুলে একটি শিরোপা জিতিয়ে দিয়েছেন, সেই ফ্রান্সের এমন করুণ পরিণতিতে কী করে চুপ থাকেন জিনেদিন জিদান?প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ড্র করার পরই রেমন্ড ডমেনেখের তীব্র সমালোচনা করেছিলেন। আর পরশু রাতে যখন ফ্রান্সের গ্রুপ পর্ব থেকে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেল, রাগে ফেটেই পড়লেন। স্পষ্ট বলে দিলেন, ‘কোচ তাঁর মতো করে সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাঁর সঙ্গে একমত নই। আমি খুবই হতাশ। ফ্রান্স তো গোলে একটাও শট নিতে পারল না, অন্তত এটুকু তো আশা করা যেত। ফ্রান্স একটুও ভালো খেলেনি।’কিন্তু জিদানের এত রাগ করার তো কোনো কারণ নেই! ফ্রান্সের এই চেহারা তো তাঁর জন্য খুব অচেনা হওয়ার কথা নয়। একবার বিশ্বকাপ জিতেছে ফ্রান্স, একবার দ্বিতীয় ও দুবার তৃতীয় হয়েছে। সে তুলনায় বিশ্বকাপে ফ্রান্সের ব্যর্থতাই তো বেশি। ফরাসি দলটি ছয়বার বাছাইপর্বই পার হতে পারেনি, ছয়বার বাদ পড়েছে প্রথম পর্ব থেকেই।১৯৭৮ সালে মিশেল প্লাতিনির ফ্রান্সও বাদ পড়েছিল প্রথম পর্ব থেকে। সেবার গ্রুপটা অবশ্য খুব ভয়াবহ ছিল। বাকি তিন গ্রুপসঙ্গীর নাম ছিল আর্জেন্টিনা, ইতালি ও হাঙ্গেরি। ইতালি ও আর্জেন্টিনার বিপক্ষে একই ব্যবধানে (১-২) হেরে বিশ্বকাপ শুরু করেছিল প্লাতিনির দল। শেষ ম্যাচে হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়েও পরের রাউন্ডের টিকিট পায়নি ফরাসিরা।পরের দুটি বিশ্বকাপেই সেমিফাইনাল খেলা ফ্রান্স ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপের টিকিটই জোগাড় করতে পারেনি। প্লাতিনির সঙ্গে সঙ্গে ফরাসি ফুটবলেরও বিদায়-ঘণ্টা বেজেছে, এমন কথা প্রতিষ্ঠিতই হয়ে যাচ্ছিল। কিন্তু কথাটাকে একেবারে থামিয়ে দিলেন জিনেদিন জিদান—১২ বছর পর বিশ্বকাপে ফিরেই চ্যাম্পিয়ন।জিদানদের চ্যাম্পিয়ন হওয়ায় লোকেরা যত না অবাক হয়েছিল, তার চেয়ে অবাক করা ব্যাপার পরের বিশ্বকাপে ওই দলটিরই প্রথম পর্ব থেকে ছিটকে যাওয়া। ইনজুরির জন্য প্রথম দুই ম্যাচে অবশ্য খেলতে পারেননি জিদান। নবাগত সেনেগালের কাছে প্রথম ম্যাচে ০-১ গোলে হার ও পরের ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ফ্রান্সের বিদায়। শেষ রক্ষা করতে ইনজুরি নিয়ে মাঠে নেমেছিলেন জিদান। কাজ হয়নি; ডেনমার্কের কছে ০-২ গোলে হেরে খালি হাতেই বিদায় নিতে হয়েছিল ফ্রান্সকে।পরের বিশ্বকাপে, মানে ২০০৬ সালেও একই চিত্রনাট্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ফ্রান্স। সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পরপর দুই ম্যাচে ড্র করে এবারও ছিটকে পড়তে যাচ্ছিল তারা। কিন্তু ভিয়েরা ও অঁরির গোলে টোগোকে হারিয়ে প্রথম পর্ব পার হলো ফ্রান্স। এবং শুরু হলো জিদান-জাদু। সেই জাদুতে ফ্রান্স মহাবিপর্যয় এড়িয়ে ফাইনালেই উঠে গেল। আরও একবার সেই ‘মহাবিপর্যয়ের’ মুখোমুখি ফ্রান্স। কার্যত এবারের বিশ্বকাপ থেকে দলটির বিদায় হয়েই গেছে বলা যায়। টিকে আছে কিছু গাণিতিক সম্ভাবনা। যেগুলো কাজে লাগাতে হলে আগে ফ্রান্স দলে চাই একজন জিদান। এখন পর্যন্ত অন্তত জিদানের ছায়াটিও খুঁজে বের করতে পারেননি রেমন্ড ডমেনেখ।