হায় ব্রাদার্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাদার্সের কোচ লাডি বাবালোলা ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে এলেনই না। কী মুখ নিয়ে আসবেন! বাংলাদেশ লিগে দল টানা ষষ্ঠ ম্যাচ হেরেছে। নাইজেরিয়ান কোচ শীতের রাতে মনটাকে কুয়াশায় ঢেকে চলে গেলেন ক্লাবে।মোহামেডান, মুক্তিযোদ্ধা, আবাহনী, ফেনী সকার, শেখ রাসেলের পর কাল বিজেএমসির কাছে হারল ব্রাদার্স। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২-০ স্কোরলাইনটা অবশ্য ম্যাচের প্রতিবিম্ব নয়। আগের ম্যাচগুলোর মতো এদিনও ব্রাদার্স ভালো খেলেছে, সর্বাত্মক আক্রমণে ঝাঁপিয়েছে। কিন্তু তার পরও হারতে হয়েছে নিজেদেরই কিছু ভুলে। একসময় ঢাকার ফুটবলে তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত ব্রাদার্সের ইতিহাসে এমন দুঃসময় আগে আসেনি। টানা তিনটি-চারটি পরাজয় আগে ছিল কি না, এটাই তো স্মৃতি হাতড়ে বের করতে পারছে না অনেকেই। সেখানে টানা ছয় হার সন্দেহাতীতভাবে ব্রাদার্সের কপালে সবচেয়ে বড় কলঙ্কের দাগ।ব্রাদার্সের সাবেক খেলোয়াড় হাসানুজ্জামান খান (বাবলু) কালও ছিলেন মাঠে। প্রিয় দলের এমন দুর্দশা দেখে খুব দুঃখ পেলেন, ‘১৯৭২ থেকে ’৮২ পর্যন্ত টানা খেলেছি ব্রাদার্সে। আমাদের সময়ে টানা তিনটি হার ছিল। তবে সে সময় আমরা ফিরে এসেছি দারুণভাবে। এখন যে অবস্থা, নীরবে কাঁদা ছাড়া আর কী করব! চোখের জল ফেলছি, জীবদ্দশায় ব্রাদার্সকে এই চেহারায় দেখব কোনো দিন ভাবিনি।’আমের খানও কি ভেবেছেন? ১৯৮৮-২০০১ পর্যন্ত ব্রাদার্সের খেলোয়াড়, এর পর অনেক দিন দলটার সঙ্গে আছেন ম্যানেজার হিসেবে। সেই আমেরের কাছে এই ব্রাদার্স বড় এক ধাঁধার নাম, ‘বুঝতে পারছি না কী হচ্ছে। দল ভালো খেলছে, আক্রমণ করছে, কিন্তু প্রতিপক্ষ গোল করে জিতে যাচ্ছে। এমন খারাপ অবস্থায় আমিও ব্রাদার্সকে আগে দেখিনি।’ কোচ লাডি বাবালোলার মুঠোফোন বন্ধ পাওয়া গেল। আমের জানালেন, ‘লাডি ভীষণ হতাশ। ও বলছে, দল ভালো খেলতে খেলতে হেরে গেলে ওর কী করার আছে! আসলে আমাদের কপালই খারাপ।’অবস্থা এমন, ব্রাদার্স সমর্থকেরা আগের মতো মাঠে আসে না। সবার মধ্যেই একটা নিস্পৃহভাব। কাল তো সাংবাদিকদের সামনেও ব্রাদার্সের কেউই আসতে চাইছিলেন না। শেষে এলেন ডিফেন্ডার আশরাফুল। তাঁর চোখমুখে অমানিশার অন্ধকার। তবু আশরাফুল তাকাতে চাইলেন সামনে, ‘আমরা এখনো আশাবাদী। রেলিগেশন বাঁচানো যাবে। আরও ১০টি ম্যাচ বাকি আছে। ইনশা আল্লাহ আমরা ঘুরে দাঁড়াব।’এদিন ব্রাদার্স পাল্টা-আক্রমণেই খেয়ে গেল গোল দুটি। ১১ মিনিটে সাইফুলের কর্নারে গোলরক্ষক পিরু বল ধরতে পারেনি, ইসমাইল বাঙ্গুরার হেডে এগিয়ে যায় বিজেএমসি। ৫৫ মিনিটে সেই বাঙ্গুরারই ক্রসে বদলি স্ট্রাইকার তকলিচের হেডে ২-০। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে বিজেএমসি ষষ্ঠ স্থানে, যা দেখে শুধু দীর্ঘশ্বাসই ফেলছে পয়েন্টশূন্য ব্রাদার্স।