হায় মেসি! হায় বার্সা!!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা ২: ২ চেলসি(দুই লেগ মিলিয়ে চেলসি ৩-২ গোলে জয়ী)গোল যেন তাঁর পায়ে পোষমানা বিড়াল। গোল যেন তাঁর কাছে ছেলেখেলা। পরিসংখ্যানও অবিশ্বাস্য—৫৫ ম্যাচে ৬৩ গোল। সেই লিওনেল মেসি পরশু সবচেয়ে প্রয়োজনের মুহূর্তেই গোল করতে ব্যর্থ। সেটিও পেনাল্টি থেকে, গোল যেখানে জলবৎ তরলং! ডেভিড ভিয়ার অনুপস্থিতি, অ্যালেক্সিস সানচেজের অধারাহিকতা, সেস ফ্যাব্রিগাসের শুরুর ঔজ্জ্বল্য হারিয়ে ফেলায় এবার একা তাঁর কাঁধেই সওয়ার হয়েছিল দল। মেসি টেনেও এনেছিলেন। কিন্তু শেষে এসে যেন তাঁর জাদুকরি পায়ে ভর করল রাজ্যের ক্লান্তি। পরশু ৪৯ মিনিটে পেনাল্টি মিস। বল লাগালেন ক্রসবারে। ওই শট থেকে গোল এলে ফল হয়তো অন্য রকম হতো। তা হয়নি। আর তাই নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করে বিদায় নিল বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে ফাইনালে উঠে গেল চেলসি।পুরো ম্যাচে মেসিকে ‘মেসি’ মনে হয়েছে মাত্র তিনটি মুহূর্তে। ইনিয়েস্তার গোল এনে দেওয়া সেই পাস, ডান পোস্টে লাগানো সেই শট আর ম্যাচের শুরুর দিকে একবার সেই বিখ্যাত সলো রান করে সব ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোলে নেওয়া জোরাল শট। ঝাঁপিয়ে পড়ে পা দিয়ে কোনোমতে ঠেকিয়েছেন পিওতর চেক। বাকিটা সময় মেসি অচেনা হয়ে থাকলেন। ম্যাচের প্রথম ফাউল মেসিরই করা। রেফারির দিকে যেভাবে অসন্তোষ প্রকাশ করলেন কয়েকবার, সেটিও যেন অন্য মেসি। একবার তো মেজাজ হারিয়ে হলুদ কার্ডও দেখলেন। শুধু ক্লান্তি নয়, প্রত্যাশার চাপও যেন শক্ত জোয়াল হয়ে চেপে বসেছিল তাঁর কাঁধে।প্রথম লেগের মতোই দুর্দান্ত অটল-অটুট রক্ষণ দিয়ে পার পেয়ে গেল চেলসি। প্রথম লেগে ভাগ্য তাদের পক্ষে ছিল। দ্বিতীয় লেগেও ভাগ্যের পরশ পেল। এ নিয়ে টানা তিন ম্যাচে প্রতিপক্ষের ছয়টি শট চেলসির গোলপোস্টে প্রতিহত! কিন্তু ভাগ্য এদিন বার্সেলোনাকে দিতে চেয়েছিল দুই হাত ভরে। বার্সাই ভাগ্যের বাড়িয়ে দেওয়া হাতটি ধরতে পারেনি। ৩৭ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন জন টেরি। ৫৩ মিনিট ১০ জনের দল নিয়েও দাঁতে দাঁত চেপে রক্ষণদুর্গ সামলে গেল চেলসি। পেনাল্টির সুযোগটাও বার্সা হারিয়েছে। এরই ফাঁকে পাল্টা-আক্রমণে বার্সার গোলপোস্টে দুবার আক্রমণ শাণিয়েছে চেলসি। দুবারই গোল! অথচ ম্যাচের শুরুটা বার্সা করেছিল দুর্দান্ত। একের পর এক আক্রমণে আতঙ্কিত করে তুলেছিল চেলসিকে। ৩৫ মিনিটে সার্জিও বুসকেটস প্রথম রক্ষণদেয়ালে ফাটল ধরিয়ে গোলটি আনেন। এর দুই মিনিটের মাথায় টেরির লাল কার্ড, তারও ছয় মিনিট পর আন্দ্রেস ইনিয়েস্তার গোল—মনে হচ্ছিল চেলসিকে গুঁড়িয়েই দেবে বার্সা। কিন্তু হিসাব পাল্টে দিল ৪৫ মিনিটে করা রামিরেসের প্রথম গোলটিই। মেসির মতো এবার বার্সাকে ডুবিয়েছেন আরেক আর্জেন্টাইন, আরেক ‘ম’ মাচেরানো। রক্ষণে না থেকে ওপরে উঠে গিয়েছিলেন। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড তাঁকে ডজ দিয়ে দুর্দান্ত থ্রু বাড়ালেন রামিরেসকে। ব্রাজিলিয়ান দক্ষতায় রামিরেস দারুণ চিপ করে ভালদেসের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন কাঙ্ক্ষিত গন্তব্যে।চেলসি তখন অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে এগিয়ে। আর একটা গোল পেতেই হবে বার্সাকে। এই আতঙ্ক চেলসির প্রান্তে ঢুকে পড়ে বার্সার ১০ জন। শেষ ১০ মিনিটে দুবার বেঁচে গেল চেলসি। একবার মেসির সেই শট ডান পোস্টে লেগে ফিরে এল, আরেকবার অফসাইডের খাঁড়ায় কাটা পড়ল সানচেজের গোল। শেষের দিকে আরও আতঙ্কিত বার্সা। সেই ফাঁকে বদলি হিসেবে নেমে বার্সার আতঙ্ক ফার্নান্দো তোরেস অরক্ষিত ভালদেসকে বোকা বানিয়ে এনে দিলেন দ্বিতীয় গোল। রেফারি শেষ বাঁশি চ্যাম্পিয়নস লিগ বিদায়ঘণ্টা বাজিয়ে দিল বার্সার! এএফপি, ওয়েবসাইট।