হায় মোহামেডান!
ঘটনাটা গতকাল দুপুরের। বাফুফের অ্যাস্ট্রো টার্ফে অনুশীলন করতে এলেন মোহামেডানের ফুটবলাররা। কিন্তু অনুশীলন না করেই ফিরতে হলো মোহামেডানকে।
অথচ বাফুফের অ্যাস্ট্রো টার্ফটা তখন খালিই পড়ে ছিল। কিন্তু স্থানীয় আরামবাগ ফুটবল একাডেমির কয়েকজন যুবকের হুমকিতে ফিরে আসতে হলো তাদের। অবশ্য আগের দুদিন এই টার্ফেই অনুশীলন সেরেছে মোহামেডান।
মোহামেডানের ফুটবলারদের মাঠ-সমস্যা এটাই প্রথম নয়। ঐতিহ্যবাহী এই দলের নিজস্ব ছোট মাঠ আছে ক্লাব চত্বরে। কিন্তু সেখানে ভালোভাবে অনুশীলন সম্ভব নয়। ২০০৯ সালে প্রথম সুপার কাপ জয়ের পর ক্লাবটির তখনকার সভাপতি মোসাদ্দেক আলী ঘোষণা দিয়েছিলেন, সাভারে ক্লাবের নামে বরাদ্দ ২৫ একর জমির ওপর স্থায়ী মাঠ ও ডরমিটরি করা হবে। সেই প্রকল্প এখনো আলোর মুখ দেখেনি। মোহামেডানের মতো মাঠ নিয়ে সমস্যা নেই আবাহনী ও শেখ জামালের। এই দুই বড় দলেরই রয়েছে নিজস্ব মাঠ।
পর্তুগিজ কোচ রুই ক্যাপেলা আসার পর মোহামেডান প্রথম অনুশীলন করেছে বুয়েট মাঠে। এরপর একদিন লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এবং দুদিন বাফুফের অ্যাস্ট্রো টার্ফে অনুশীলন। গতকালও বাফুফের টার্ফে ঢোকার প্রবেশমুখে তালা লাগানো দেখে ফিরে আসেন মোহামেডানের ফুটবলাররা। একপর্যায়ে দেয়াল টপকে কয়েকজন অনুশীলনের জন্য মাঠে ঢোকার চেষ্টা করলে টার্ফের এক কোনায় দাঁড়ানো যুবকেরা খেলোয়াড়দের মাঠে ঢুকতে নিষেধ করেন। তবুও দু-তিনজন মাঠে ঢোকেন দেয়াল টপকে। একপর্যায়ে কোচ রুই ক্যাপেলা অনুশীলনের জন্য মাঠে চলে আসেন। কিন্তু তালা লাগানো দেখে বেশ অবাক তিনি। আধা ঘণ্টা অপেক্ষার পর শেষ পর্যন্ত চাবি নিয়ে আসেন বাফুফের এক নিরাপত্তাকর্মী। কিন্তু ততক্ষণে আরামবাগ একাডেমি শর্ত জুড়ে দেয়, এক ঘণ্টা পর টার্ফ ছাড়তে হবে। ওই সময় ক্যাপেলা আর টার্ফে ঢুকতে আগ্রহই দেখাননি। তাঁর কথা, ‘এক ঘণ্টা সময় অনুশীলনের জন্য যথেষ্ট নয়।’ শেষমেশ ফুটবলারদের মোহামেডানের মাঠেই নিয়ে যান ক্যাপেলা।
মাঠ নিয়ে বিড়ম্বনার ঘটনা শুনে বিব্রত মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, ‘আমি তো শুনেছি টার্ফে তালা লাগানোর কারণে খেলোয়াড়েরা ফিরে এসেছে। আরামবাগের যুবকেরা খেলোয়াড়দের সঙ্গে দুর্ব্যবহার করে থাকলে সেটি খুবই দুঃখজনক। আমরা লালমাটিয়াতে একটি মাঠ ভাড়া নিয়েছি। কিন্তু হরতাল-অবরোধের কারণে সেখানে যেতে পারছে না খেলোয়াড়েরা।’