হায় মোহামেডান!
মোহামেডানের আট মৌসুমের অধিনায়ক জাকারিয়া পিন্টু মনে করতে পারলেন না, এর আগে মোহামেডান কখনো টানা তিন ম্যাচ হেরেছে কি না? ‘টানা তিনটি হার আগে নেই। আমি মোটামুটি নিশ্চিত’—জাকারিয়া পিন্টু যখন এই কথা বলছেন, একটু আগেই মোহামেডানের ফুটবল ইতিহাসে লেখা হলো বাজে একটা রেকর্ড! ক্রিকেট মাঠে হারের দিনে ফুটবল মাঠে টানা তৃতীয় পরাজয়! মোহামেডানের খেলোয়াড় তালিকা দেখলে তিন হারে বিস্ময় জাগে না। তবে সীমিত সামর্থ্য নিয়েও দলটি শুরু তো ভালো করেছিল। প্রথম তিন ম্যাচেই পেয়েছে জয়। এরপর থেকেই পরাজয়ের বৃত্তে ঘুরপাক। রহমতগঞ্জ ও ব্রাদার্সের কাছে ০-২ হারের পর কাল মুক্তিযোদ্ধার কাছে ১-০ গোলে। মাঠে দাঁড়িয়েই মোহামেডানের বিরুদ্ধে চক্রান্ত আবিষ্কার করেছেন কোচ শফিকুল ইসলাম (মানিক)। রেফারি ও সহকারী রেফারিরা তাঁর কাঠগড়ায়। মোহামেডানের উত্তেজিত সমর্থকেরা আবার বাফুফে ভবনের সামনে গিয়ে হইচই করেছে। ফেডারেশন-রেফারি দুই পক্ষের জন্যই বরাদ্দ ছিল গালাগাল।চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে তৃতীয় মাচে জয়ের পরও মোহামেডানের কিছু সমর্থক বাফুফে ভবনের সামনে লাঞ্ছিত করেছিল রেফারিকে। প্রতিশোধ নিতে রেফারিরা মোহামেডানের বিপক্ষে বাঁশি বাজাচ্ছেন বলে অভিযোগ শফিকুলের। কাল রেফারি ছিলেন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন তৈয়ব হাসান। তৈয়ব এবং তাঁর দুই সহকারীর কিছু সিদ্ধান্ত বিতর্কের ঊর্ধ্বে ছিল না। ৩৪ মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। জাহেদের শট মোহামেডানের গোলরক্ষক টিটু পাঞ্চ করার পর বুদ্ধিদীপ্ত হেডে জালে পাঠান দীর্ঘদিন পর মাঠে নামা স্ট্রাইকার রোকনুজ্জমানার কাঞ্চন। কিন্তু বাংলাদেশ লিগে কালই প্রথম খেলতে নামা ফেডারেশন কাপে নজর কাড়া সুদানি স্ট্রাইকার জেমস মগা ২-০ করতে পারেননি সুযোগ পেয়েও। দ্বিতীয়ার্ধে গোল ধরে রেখে ঘরের দিকেই চোখটা বেশি রেখেছে মুক্তিযোদ্ধা। মোহামেডান সর্বাত্মক চেষ্টা চালিয়েছে ম্যাচে ফিরতে। কিন্তু বাধা হয়ে দাঁড়ান মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লব। অন্তত তিনবার মোহামেডানের জোরোলো আক্রমণ রুখেছেন তিনি। সেই সঙ্গে সহজ সুযোগ নষ্ট করেছেন রিদন, ইসমাইল ও রনি ইসলাম। তবে হারলেও শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে বুক চিতিয়ে লড়াই করার মধ্যেও মোহামেডানের কৃতিত্ব দেখছে অনেকেই। বাস্তবতা হলো, জার্সির ভারে বড় দল ধরলেও আসলে তো মোহামেডান হীনবল। এই লড়াইয়ে মোহামেডানের সান্ত্বনা এক ম্যাচ বেশি খেলে তারকাখচিত শেখ জামালের চেয়ে এক পয়েন্ট বেশি পাওয়া (৯ পয়েন্ট))! ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে মুক্তিযোদ্ধা। আবাহনীর পয়েন্ট ১৩।মুক্তিযোদ্ধার কোচ মারুফুল হকের কাছে কালকের ম্যাচটা ছিল অন্যরকম। গতবারের মোহামেডানের কোচ তাঁর সাবেক দলের বিপক্ষে কৌশলী ফুটবল খেলেই জয় নিয়ে বেরোলেন কমলাপুর স্টেডিয়াম থেকে। মুক্তিযোদ্ধা নেতিবাচক ফুটবল খেলেছে, মোহামেডানের কোচের এই মন্তব্যের জবাব দেননি মারুফ। শুধু বলেছেন, ‘আর দশটি ম্যাচের মতোই ছিল এটি। ফুটবল গোলের খেলা। বড় দলের বিপক্ষে তিন পয়েন্ট পাওয়াই শেষ কথা।’মুক্তিযোদ্ধা: বিপ্লব, সৈকত, ইয়ামিন মুন্না, লুসিয়ানো, ড্যামি, জাহেদ (রাজন), মতিউর মুন্না, মারুফ, আরমান আজিজ (আলমগীর রানা), বুকোলা, কাঞ্চন (জেমস)।মোহামেডান: টিটু, রনি, হাসান আল মামুন (আনোয়ার), এমেকা লাকি, ইসমাইল, রনি ইসলাম, কবির (বিপুল), রমজান, ইয়াসিন, এমেকা, রিদন। আজকের খেলা: আরামবাগ-শেখ রাসেল (৪টা, কমলাপুর স্টেডিয়াম)।