হায় রাফা!

মেক্সিকো আর বিশ্বকাপ পাশাপাশি বসলে এক নিঃশ্বাসে চলে আসে তাঁর নামটিও। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা চারটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার ইতিহাড় গড়লেন এবার। প্রথম মেক্সিকান হিসেবে গড়লেন টানা তিন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তিও। কিন্তু চারবারই রাফায়েল মার্কেজ আর মেক্সিকোর বিশ্বকাপ অভিযান শেষ হলো দ্বিতীয় রাউন্ডে।
মার্কেজের জন্য সবচেয়ে হতাশার হয়ে থাকবে বুঝি এবারের বিশ্বকাপই। তাঁর সামান্য ভুলেই যে শেষ হলো দলের আশা! ম্যাচ শেষের কয়েক মুহূর্ত আগে তাঁর ফাউলে পাওয়া পেনাল্টিতেই ম্যাচ জিতে গেল হল্যান্ড। পেনাল্টি পাওয়ায় আরিয়েন রোবেনের নিখুঁত অভিনয়ের ভূমিকা আছে, কিন্তু মার্কেজও তো নিখুঁত হতে পারেননি ট্যাকলিংয়ে! ওই মুহূর্তে পা বেশি বাড়িয়ে, রোবেনের পায়ে পা ছুঁইয়ে সুযোগটা করে দিয়েছিলেন মেক্সিকান অধিনায়কই। ছোট্ট ভুলে বড় খেসারত। নিজের শেষ বিশ্বকাপ ম্যাচে, বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচে এই ভুল হয়তো অনেক দিন পোড়াবে মেক্সিকোর ক্যাপ্টেন ফ্যান্টাসটিককে!