হায় লিভারপুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে এখন দুটি লড়াই। একটা শিরোপার, অন্যটা শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার। শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে ‘বিগ ফোরের’ এক দল লিভারপুল করছে দ্বিতীয় লড়াইটা। পরশু পয়েন্ট তালিকায় চতুর্দশ উইগান অ্যাথলেটিকের কাছে ০-১ গোলে হেরে রাফায়েল বেনিতেজের দল সেই লড়াইয়ে এক ধাপ পিছিয়ে গেল। ম্যানইউ (৬৩), চেলসি (৬১) ও আর্সেনাল (৬১) শিরোপার জন্য লড়ছে। এরপর আছে টটেনহাম (৪৯) ও ম্যানচেস্টার সিটি (৪৯)। এই পাঁচ দলের পেছনে লিভারপুল (৪৮)। মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থাকলেও লিভারপুল ম্যাচ খেলেছে ম্যানসিটির চেয়ে ২টি এবং টটেনহামের চেয়ে ১টি বেশি। লিভারপুলের হাতে আর মাত্র ৯টি ম্যাচ আছে। চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকার ভাগ্য কি এড়াতে পারবে তারা? বেনিতেজকেও খুব একটা আশাবাদী মনে হচ্ছে না, ‘এমন গুরুত্বপূর্ণ সময়ে আমাদের আরও ভালো খেলা প্রয়োজন। কেন এমন হচ্ছে, এর কোনো ব্যাখ্যা দেওয়া কঠিন।’ এএফপি।