হায় সিসিডিএম!
সময়মতো মাঠে হাজির হয়েও হতভম্ব ওল্ড ডিওএইচএস আর সিসিএস। ম্যাচ আয়োজনের কোনো চিহ্নই যে নেই! কভার নেই, খোলা আকাশের নিচে পড়ে আছে উইকেট। গ্রাউন্ডসম্যানদের পাওয়া গেল ঘুমন্ত অবস্থায়। ঘুম থেকে ডেকে তুলতেই যেন আকাশ থেকে পড়লেন গ্রাউন্ডসম্যানরা। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আছে সেটা নাকি তাঁরা জানতেনই না!সুপার লিগের শেষ দিনে সমন্বয়হীনতার এমনই বিরল দৃষ্টান্ত স্থাপন করল সিসিডিএম। আর তাই ওল্ড ডিওএইচএস-সিসিএস ম্যাচটা কাল হলোই না। আজ ফতুল্লায় হবে এই ম্যাচ। ধানমন্ডিতে যখন ম্যাচ নিয়ে এই কাণ্ড, সিসিডিএমের সদস্য সচিব ইকবাল ইউসুফ চৌধুরী তখন ফতুল্লা স্টেডিয়ামে। সেখানেই তিনি দাবি করলেন, ‘আমরা গত ৩১ জানুয়ারি গ্রাউন্ডস কমিটির ম্যানেজারকে ম্যাচের কথা জানিয়েছি। অন্য দুই ম্যাচের মাঠের কথা জানবে আর এই ম্যাচের মাঠের কথা জানবে না তা তো হতে পারে না!’ এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগ করেও গ্রাউন্ডস কমিটির কাউকে পাওয়া যায়নি। গ্রাউন্ডস ম্যানেজার বাতেন ফোন ধরেননি, চেয়ারম্যান শফিকুর রহমানের মোবাইল ছিল বন্ধ।ম্যাচটি শেষ পর্যন্ত হয়নি ওল্ড ডিওএইচএসের আপত্তির কারণেই। অপ্রস্তুত উইকেট আর মাঠে তারা খেলবেই বা কেন! তবে সিসিডিএম সদস্য সচিব ‘ক্ষমতার’ সবটুকুই প্রয়োগ করলেন। ফতুল্লা থেকেই ফোনে হম্বিতম্বি করছিলেন, ‘ওল্ড ডিওএইচএসকে ২৫ ওভারের ম্যাচ হলেও খেলতে হবে...’, ‘পাওয়ার এক্সারসাইজ কী জিনিস দেখতে চাইলে দেখাব’—ইত্যাদি।শুধু কালকের ঘটনাই নয়, এবার লিগজুড়েই ছিল সিসিডিএমের সমন্বয়হীনতা। লিগের ফিকশ্চার হয়েছে এক ম্যাচ-দুই ম্যাচ করে। সেই ফিকশ্চারও আবার কখনো কখনো কাউকে জানানোর প্রয়োজন মনে করেনি তারা। অভিযোগটা লিগ চ্যাম্পিয়ন আবাহনীর এক কর্মকর্তার।