হায়দরাবাদের লক্ষ্য ১২৪ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলারদের ভালো পারফরম্যান্সে আরও একটি জয়ের আভাস পাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। ইশান্ত শর্মা, করন শর্মা, অমিত মিশ্র ও ডেল স্টেইনের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে কিংস ইলেভেন পাঞ্জাবকে মাত্র ১২৩ রানেই আটকে ফেলেছে আইপিএলের নবাগত এই দলটি। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংসটি এসেছে অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের ব্যাট থেকে। হায়দরাবাদের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা, করন শর্মা ও অমিত মিশ্র। এছাড়া চার ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেছেন ডেল স্টেইন।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম ৯ ওভারে মাত্র ৪৮ রান জমা করতেই সাজঘরে ফেরেন মানদিপ সিং, গিলক্রিস্ট ও পল ভালহাথি। চতুর্থ উইকেটে ৪০ রানের জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন পিযুস চাওলা ও ডেভিড হাসি। কিন্তু ১৫তম ওভারের প্রথম বলে চাওলা রানআউটের ফাঁদে পড়লে আবার বিপর্যয়ের মুখে পড়ে পাঞ্জাব। ২৩ রান করে ফিরে যান চাওলা। এক ওভার পর হাসিও সাজঘরমুখী হন ২২ রান করে। শেষ পর্যায়ে গুরকিরাত সিংয়ের ১৭ রানের ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ১২৩ রান জমা করে পাঞ্জাব।