হায়েকে নকআউট করতে চান ভিতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিশ্রুতি দিয়েছেন ভিতালি ক্লিসকো। যদি কখনো ডেভিড হায়ের সঙ্গে লড়াইয়ের সুযোগ হয়, স্রেফ রিংয়ের মেঝেতে গড়াগড়ি খাওয়াবেন তাঁকে। কাল এই প্রতিশ্রুতির কথা বলেছেন ক্লিসকো ভাইদের বড় জন, ডব্লুবিসি হেভিওয়েট চ্যাম্পিয়ন ভিতালি।ডেভিড হায়ের ওপর রাগটা তাহলে এখনো পড়েনি ক্লিসকো ভাইদের। উল্টাপাল্টা কথাবার্তা বলে তাঁদের অনেক খেপিয়েছেন এই ব্রিটিশ বক্সার। ঘোষণা করেছিলেন, আগামী অক্টোবরে নিজের ৩১তম জন্মদিনের আগেই দুই ভাইকে হারিয়ে বক্সিং সাম্রাজ্যের একচ্ছত্র সম্রাট হবেন। তার পরই নেবেন অবসর। কোথায় কী, উল্টো নিজের একমাত্র খেতাবটা হারিয়েছেন ৩৫ বছর বয়সী ভ্লাদিমির ক্লিসকোর কাছে।এ মাসের শুরুতে এই ইউক্রেনিয়ান হায়েকে হারালেও নকআউট করতে পারেননি। তাই ভাইয়ের জয় নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন চার বছরের বড় ভিতালি, ‘ভ্লাদিমির যখন লড়াইটা জিতল, আমি বেশ খুশি হয়েছিলাম। কিন্তু আমি কিছুটা অখুশিও ছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল ভ্লাদিমির ওকে একেবারে শুইয়ে দিক।’এর পরই বলেছেন নিজের ইচ্ছার কথা, ‘আমি যদি ডেভিড হায়ের সঙ্গে লড়ি, একটি প্রতিশ্রুতি দিতে পারি। আমি শুধু একটি কারণেই তার সঙ্গে লড়ব। তাকে মেঝেতে গড়াগড়ি খাওয়াব।’ রয়টার্স।