হায়ের মুখ বন্ধ করে দিলেন ক্লিচকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্লাদিমির ক্লিচকোকে নয়, চিকিৎসকের কাছে ছুটতে হচ্ছে ডেভিড হায়েকে। ব্রিটিশ এই বক্সারই রণহুংকার ছেড়েছিলেন, ক্লিচকোর সঙ্গে হাত মেলাবেন হাতপাতালে গিয়ে। কিন্তু পরশু হামবুর্গে শেষ পর্যন্ত ক্লিচকোই জিতলেন ১১৭-১০৯, ১১৮-১০৮, ১১৬-১১০ ব্যবধানে। বিশ্ব বক্সিংয়ের অবিসংবাদিত চ্যাম্পিয়ন এখন তিনিই। আর ভাঙা পায়ের আঙুল নিয়েও ১২ রাউন্ড পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হায়েকে চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে চিকিৎসকের কাছে।ক্লিচকোর দখলে থাকা আইবিএফ ও ডব্লুবিও শিরোপা ছিনিয়ে আনতে চেয়েছিলেন, উল্টো হায়ে সমর্পণ করে এলেন তাঁর ডব্লুবিএ শিরোপাটিও। এই জয়ের ফলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের চারটি শিরোপাই এখন ক্লিচকো ভাইদের দখলে। ছোটজন ভ্লাদিমিরের নামের পাশে আছে আইবিএফ, ডব্লুবিও এবং পরশু হায়ের কাছ থেকে কেড়ে নেওয়া ডব্লুবিএ শিরোপাটি। বড় ভাই ভিতালির কাছে আগে থেকেই আছে ডব্লুবিসি শিরোপা। ক্যারিয়ার রেকর্ডটাও ৫৬-৩-তে নিয়ে গেলেন ক্লিচকো। একটাই দুঃখ থেকে গেল। হায়েকে দিয়ে পূরণ করতে চেয়েছিলেন ৫০তম কে.ও. (নকআউট)। সেটি হলো না।‘আমি নিজের ৫০তম নকআউটটাই উদ্যাপন করতে চেয়েছিলাম। এই লড়াইয়ের আগে ও যেসব কথাবার্তা বলছে, সেগুলো এখনো আমার হজম হচ্ছে না। ও লোকটা যেমন আচরণ করে সেটা বক্সিং ভক্ত, বক্সিং সমর্থকদের জন্য সত্যিই লজ্জার। আমার মনে হয়, আজ সেটার যথেষ্ট শিক্ষা ও পেয়েছে’—জেতার পর বলেছেন ৩৫ বছর বয়সী ক্লিচকো। লড়াইয়ে হায়ে একটুও দাঁড়াতে পারেনি বলেও দাবি তাঁর, ‘কয়েকটা ঘুষি মেরেছিল বটে, কিন্তু পুরো লড়াইয়ের কোনো পর্যায়েই আমি সামান্যও আহত হইনি।’বক্সিংয়ের সবগুলো শিরোপাও নিজেদের দখলে রাখার তৃপ্তিও ঝরল তাঁর কণ্ঠে, ‘আমরা আমাদের স্বপ্ন পূরণ করলাম। হেভিওয়েট লড়াইয়েরই সবগুলো বেল্টই এখন আমাদের কাছে। এখন আমি নিজেদের অবিসংবাদিত চ্যাম্পিয়ন ঘোষণা করতে চাই।’ রয়টার্স, এএফপি।হায়েও অবশ্য সামান্য কৃতিত্বও ক্লিচকোকে দিতে নারাজ। বরং ‘দায়’ চাপিয়েছেন ভাঙা আঙুলের ওপর। সংবাদ সম্মেলনে নিজের ভাঙা আঙুলগুলো দেখিয়ে বলেছেন, ‘তিন সপ্তাহ আগে পায়ের আঙুল ভেঙেছে। কিন্তু আমি কাউকে সেটা বুঝতে দিইনি। জিমে আঙুলের ওখানে ব্যথানাশক ইনজেকশন নিয়েছি। এ কারণেই রিংয়ে বেশি নড়াচড়া করতে পারিনি।’সাত বছরের মধ্যে এটাই তাঁর প্রথম পরাজয়। সেই হতাশা তো আছেই, ক্লিচকো ভাইদের হারানোর জন্য হেভিওয়েটে নাম লিখিয়েছিলেন, সেই অতৃপ্তিও তাড়িয়ে বেড়াচ্ছে। লড়াইয়ের একপর্যায়ে সরে দাঁড়ানোর কথাও ভেবেছিলেন। কিন্তু ৫০ হাজার দর্শকের সিংহভাগই ছিল ব্রিটিশ, গত এক দশকে অন্যতম আলোচিত এই লড়াই দেখতে এসেছিলেন জার্মানিতে। তাঁদের কথা ভেবেই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন। ‘এত ভালো সমর্থক, এত টাকা খরচ করে এখানে এসেছে, আমি তাই সরে যেতে পারিনি’—বলেছেন হায়ে।