হিউজের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউজ
হিউজ

এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু ফিল হিউজের মৃত্যুশোক এখনো কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট অনুসারীরা শন অ্যাবটের সেই বাউন্সারের স্মৃতি ভুলতে পারেনি এখনো। সেই স্মৃতিকে এবার ফিরিয়ে আনা হচ্ছে অন্যভাবে, গানের মাধ্যমে। এই বাঁহাতি ব্যাটসম্যানের স্মৃতিকে সম্মান জানিয়ে গান বেঁধেছেন জ্যাক বিলমান নামের এক শিল্পী। অনেকে হয়তো বিলমানকে সুযোগসন্ধানী ভাবতে পারেন। মনে হতে পারে মানুষের আবেগের ফায়দা তুলতে চাইছেন এই শিল্পী। কিন্তু বিলমান এ গানটি লিখেছেন একজন ক্রিকেট-ভক্ত হিসেবেই। তাই গানটি অনেক আগে লিখলেও সবাইকে শোনার জন্য সুযোগ করে দিচ্ছেন এত দিন পর, তাও হিউজের পরিবার থেকে অনুমতি নিয়েই। দুঃখজনক সেই ঘটনার সময় হিউজ অপরাজিত ছিলেন ৬৩ রানে। অন্য জগতে পাড়ি জমালেও স্কোরবোর্ডে আজীবন অপরাজিতই থেকে যাবেন তিনি। বিলমানকে তাই গানের নাম নিয়ে দুবার চিন্তা করতে হয়নি, নাম দিয়েছেন ‘অপরাজিত আজীবন’।