হিউজের পর ক্লার্ক-হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোবার্ট টেস্ট খেলার পরই অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছিলেন ফিল হিউজ। প্রত্যাশা পূরণ করতে না পারার মূল্য আর কি! এক বছর পর তৃতীয়বারের মতো দলে ডাক পেয়ে সেই হোবার্টেই ফিরে এলেন হিউজ। কাল শ্রীলঙ্কার বিপক্ষে ৮৬ রান করে প্রত্যাবর্তনকে স্মরণীয় করেই রাখলেন বাঁহাতি ব্যাটসম্যান। ১৪ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। কিন্তু তিন নম্বরে নেমে এমন কিছু শট খেলেছেন যেগুলো হিউজ খেলতে পারেন না বলেই এত দিন জেনে এসেছে সবাই। প্রথম দিনে ৪ উইকেটে ২৯৯ রান তুলে প্রথম দিনটা নিয়ন্ত্রণ করেছে অস্ট্রেলিয়াই। ফর্মে থাকা অধিনায়ক মাইকেল ক্লার্ক ব্যাট করছেন ৭০ রানে ও সঙ্গী মাইক হাসি অপরাজিত ৩৭ রানে। বেলেরিভ ওভালের সাম্প্রতিক ইতিহাস বলছে টস জিতে ব্যাটিং নেওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। এই ম্যাচের আগে সর্বশেষ তিনটি প্রথম শ্রেণীর ম্যাচের প্রথম ইনিংসে গড়ে রান উঠেছে মাত্র ৯১। কিন্তু দিন শেষে দেখা গেল সিদ্ধান্তটা ক্লার্কের ব্যাটিংয়ের মতোই নিখুঁত হয়েছে। অস্ট্রেলিয়া যে ৪টি উইকেট হারিয়েছে, তার মধ্যে শুধু হিউজের আউটেই পিচ বা মেঘলা আকাশের ভূমিকা ছিল। অন্যদের কেউ আউট হয়েছেন বাজে শট খেলে (এড কাওয়ান), কেউ ঠিকমতো দৌড়াতে না পেরে (ডেভিড ওয়ার্নার) অথবা অসাধারণ ক্যাচিংয়ের শিকার হয়ে (শেন ওয়াটসন)।গত বছর হোবার্টে নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচে মাত্র দুটি ৫০ ছাড়ানো জুটি ছিল অস্ট্রেলিয়ার। কাল প্রথম দিনেই দুটি হাফ সেঞ্চুরি আর একটি সেঞ্চুরি জুটি পেয়ে গেছে স্বাগতিকেরা। ১৮ রানেই ওপেনার কাওয়ানকে শামিন্দা ইরাঙ্গার ক্যাচ বানিয়ে ৩ উইকেটের প্রথমটি পেয়েছিলেন শ্রীলঙ্কার পেসার চানাকা ভেলেগেদারা। এরপরই পন্টিংয়ের অবসরে দলে ঢোকা হিউজের সঙ্গে ডেভিড ওয়ার্নারের ৭৯ রানের জুটি। ভুল-বোঝাবুঝিতে ৫৭ রান করা ওয়ার্নার রানআউট হওয়ার পর শেন ওয়াটসনের সঙ্গে ৮৬ রানের আরেকটি জুটি হয় হিউজের। চা-বিরতির কিছু আগে জুটিটা ভাঙে ভেলেগেদারার বলে স্লিপে মাহেলা জয়াবর্ধনের এক হাতে নেওয়া স্মরণীয় এক ক্যাচে। চা-বিরতির পরপরই হিউজকে বোল্ড করেন ভেলেগেদারা। ১৬৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮৬ রান করা হিউজ ফিরতে পারতেন ৯ রান আগেই। ভেলেগেদারার বলেই উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছিলেন, নো-বল হওয়ায় বেঁচে গেলেও ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটা আর পাননি হিউজ। দিন শেষে এটাই ছিল তাঁর আক্ষেপ, ‘রান পাওয়া চমৎকার ব্যাপার। এটা আরও চমৎকার হতো, যদি আর কিছু রান পেয়ে তিন অঙ্কটা ছুঁতে পারতাম।’হিউজের বিদায়ের পর ক্লার্ক-হাসি গড়েন আরেকটি শতরানের জুটি। ২০১২ সালে সবচেয়ে বেশি চারবার সেঞ্চুরি জুটি গড়েছেন এঁরা দুজন। এ বছর ১৩ বার একসঙ্গে ব্যাট করে ১০৭.৯০ গড়ে ১১৮৭ রান করেছেন ক্লার্ক ও হাসি। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।