হিউজেসের সেঞ্চুরিতে অসিদের লড়িয়ে সংগ্রহ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে খুব বড় না হলেও লড়াই করার মতোই এক লক্ষ্য বেঁধে দিতে পেরেছে অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৪৭ রান। ফিলিপ হিউজেসের অনবদ্য অপরাজিত ১৩৮ রানের ওপর ভর করেই অস্ট্রেলিয়ার এই সংগ্রহ। হিউজেস বাদে ডেভিড হাসির ব্যাট থেকে এসেছে ৩৪ রান। ব্যাটিংয়ে নেমে অসিদের শুরুটা খুব একটা উচ্ছ্বাস জাগানিয়া ছিল না। এক শ পেরোনোর আগেই তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ছিল কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে। ওই অবস্থা থেকে যেন একাই লড়ে গেলেন ফিলিপ হিউজেস। ১৫৪ বল খেলে ১৩টি চার ও একটি ছয়ে সাজানো তাঁর এই ইনিংস অস্ট্রেলিয়াকে নিয়ে যায় সম্মানজনক সংগ্রহের পথে। হিউজেসকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে ডেভিড হাসি ৩৪ রান তুলে যান।তিলকরত্নে দিলশানকে দিয়ে বোলিং উদ্বোধন করা শ্রীলঙ্কা মূলত অস্ট্রেলিয়ার ব্যাটিংকে বড় সংগ্রহের দিকে যেতে দেয়নি তাদের স্লো বোলারদের কল্যাণেই। দিলশান সাত ওভার বল করে ২২ রান দিয়ে একটি উইকেট পান। রঙ্গনা হেরাথ উইকেটশূন্য থাকলেও নিজের ১০ ওভারে তাঁর খরচ ছিল মাত্র ৩৪ রান। এ ছাড়া নুয়ান কুলাসেকেরা ৫৭ ও থিসারা পেরেরা ৩৯ রান দিয়ে তুলে নেন একটি করে উইকেট। সূত্র: রয়টার্স।