হিউয়িটের দেল পোত্রো-বধ

লেটন হিউয়িট ও হুয়ান মার্টিন দেল পোত্রো—এবারের ইউএস ওপেনে সবচেয়ে জমজমাট লড়াইটা উপহার দিলেন এই দুই সাবেক চ্যাম্পিয়ন মিলে। পরশু রাতে চার ঘণ্টা ও পাঁচ সেটের অসাধারণ এক লড়াইয়ের পর ষষ্ঠ বাছাই দেল পোত্রোকে হারিয়ে বড়সড় অঘটনই উপহার দিয়েছেন হিউয়িট। অঘটনই, কারণ ১২ বছর আগে পিট সাম্প্রাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও হিউয়িট এখন বিশ্বের ৬৬ নম্বর খেলোয়াড়। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৬-৪, ৫-৭, ৩-৬, ৭-৬ (৭/২), ৬-১ গেমে জিতে ৩২ বছর বয়সী অস্ট্রেলিয়ান জানান দিলেন পুরোপুরি ফুরিয়ে যাননি, দেওয়ার আছে আরও অনেক কিছু।
জোকোভিচ, নাদাল, মারে ও ফেদেরারের বাইরে ফেবারিট হিসেবে ছিল ২০০৯ সালের চ্যাম্পিয়ন দেল পোত্রোর নামও। সেই দেল পোত্রোকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে যাওয়ার পর হিউয়িট বললেন আর্থার অ্যাশ স্টেডিয়ামের পরিবেশই নাকি উদ্দীপ্ত করেছে তাঁকে, ‘অসাধারণ অনুভূতিটা। আমি এই আবহে খেলতে ভালোবাসি, উপভোগ করি এর প্রতিটি সেকেন্ড। প্রথম ম্যাচটা জেতার পরই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল কারণ আমি জানতাম এরপর আমি আর্থার অ্যাশে খেলার সুযোগ পাব। জানি না আর কত বছর খেলব, তাই আবার এই কোর্টে এসে খেলার জন্য তর সইছিল না।’
টানা দুটি চার ঘণ্টার ম্যাচ খেললেন এখনো কবজির চোটে যন্ত্রণা পাওয়া দেল পোত্রো। তবে দীর্ঘদেহী আর্জেন্টাইন কোনো অজুহাত না দিয়ে প্রশংসায় মেতেছেন হিউয়িটের, ‘তিনি বড় মাপের চ্যাম্পিয়ন, বড় মাপের যোদ্ধা। দ্বিতীয় রাউন্ডের জন্য খুবই কঠিন এক খেলোয়াড়।’
এই একটি অঘটন ছাড়া নিস্তরঙ্গই ছিল শুক্রবারটা। নিজ নিজ ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডে উঠে গেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। প্রথম সেটটা হেরে গেলেও মারে সহজেই ৭-৫, ৬-১, ৩-৬, ৬-১ গেমে জিতেছেন আর্জেন্টিনার লিওনার্দো মায়ারের বিপক্ষে। জোকোভিচ সরাসরি ৭-৬ (৭/২), ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন জার্মানির বেঞ্জামিন বেকারকে।
মেয়েদের বিভাগে চতুর্থ রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছে আরেক আমেরিকান স্লোন স্টিভেনস। অস্ট্রেলিয়ান ওপেনে এই স্টিভেনসের কাছেই কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন সেরেনা। ১৬টি গ্র্যান্ড স্লামের মালিকের সামনে প্রতিশোধের সুযোগ। কিন্তু ১৫তম বাছাই স্টিভেনসের জন্য সেরেনার কণ্ঠে শুধুই প্রশংসা, ‘ম্যাচটা কঠিন হবে। স্লোন কত ভালো খেলছে! আমি তাকে নিয়ে সব সময়ই খুশি...স্লোনকে নিয়ে গর্বিত।’ ব্যাপারটা বেশ অদ্ভুত। অস্ট্রেলিয়ান ওপেনের পর দুজনের সম্পর্কের চরম অবনতি হয়েছিল। প্রকাশ্যেই সমালোচনায় মেতে ছিলেন এক অন্যের। আর এখন সেরেনার মতো স্টিভেনসও বলছেন, ওসব শুধুই ইতিহাস!
পরশু ভেঙে গেছে মার্টিনা হিঙ্গিসের গ্র্যান্ড স্লাম স্বপ্নও। দ্বৈত ও মিশ্র দ্বৈত দুই বিভাগেই হেরেছেন ২০০৭ সালের পর প্রথম গ্র্যান্ড স্লাম খেলতে নামা সাবেক এক নম্বর। এএফপি, রয়টার্স।