হিকের দ্বারস্থ অস্ট্রেলিয়া

এক অস্ট্রেলিয়ানের মন্ত্রে ইংল্যান্ডের অস্ট্রেলিয়া-বধের ঘটনা অনেকেরই জানা। ২০০৫ অ্যাশেজে রিভার্স সুইং ম্যাজিকে প্রায় দেড় যুগ পর অ্যাশেজে জিতেছিল ইংল্যান্ড। জয়ের নেপথ্য নায়ক ছিলেন সাবেক তাসমানিয়ান পেসার ও ইংল্যান্ডের সেই সময়ের বোলিং কোচ ট্রয় কুলি। সময়ের বাস্তবতায় এবার ইংল্যান্ডের কাছেই হাত পাততে হলো অস্ট্রেলিয়াকে। সরাসরি অ্যাশেজ জয়ের মন্ত্র পেতে অবশ্য নয়, ভবিষ্যতের শক্ত ভিত্তি পেতে। অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেট একাডেমি সেন্টার অব এক্সিলেন্সের হাইপারফরম্যান্স কোচ করা হয়েছে জিম্বাবুয়ে বংশোদ্ভূত সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান গ্রায়েম হিককে।
কয়েক বছর ধরেই ব্যাটিংটা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার ‘অ্যাকিলিস হিল।’ বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ান সাম্রাজ্য পতনের অন্যতম বড় কারণও এই ক্রমাগত ব্যাটিং-ব্যর্থতা। জাতীয় দলে ব্যাটসম্যানরা ব্যর্থ হচ্ছেন বারবার, কিন্তু তাঁদের পরিবর্ত হিসেবে ঘরোয়া ক্রিকেটে পাওয়া যাচ্ছে না বলার মতো কোনো ব্যাটিং-প্রতিভা। টেলর-ওয়াহদের জমানায় ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া অনেক প্রতিভাবান ব্যাটসম্যানের যেখানে সৌভাগ্যই হয়নি জাতীয় দলে খেলার, সেখানে এখন প্রতিভার হাহাকার। তরুণ প্রতিভার আকালটা হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার মাথাব্যথার কারণ। গত শেফিল্ড শিল্ডে সবচেয়ে বেশি রান ছিল ৩৮ বছর বয়সী রিকি পন্টিংয়ের, ৩৫ বছর বয়সী ক্রিস রজার্স ছিলেন তিনে! আর যে একাডেমি একসময় উপহার দিয়েছে পন্টিং-স্ল্যাটার-ল্যাঙ্গার-হেইডেন-মার্টিন-ক্লার্কদের মতো ব্যাটসম্যান, সেই সেন্টার অব এক্সিলেন্সের প্রবাহও যেন হঠাৎ গেছে শুকিয়ে। তাতে আবার জোয়ার আনতে দ্বারস্থ হতে হলো ‘চিরশত্রু’দের একজনের কাছেই।
গত এপ্রিলেও তরুণ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করেছিলেন হিক। টি-টোয়েন্টি যুগের ব্যাটসম্যানদের পাঠ দিয়েছিলেন লম্বা সময় উইকেটে থাকার। ওই সময়ই হিককে মনে ধরেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তাদের। একাডেমির হাইপারফরম্যান্স কোচ স্টুয়ার্ট ল কুইন্সল্যান্ড রাজ্য দলের দায়িত্ব নিতে যাওয়ায় এবার হিককে আনা হলো অস্ট্রেলিয়ান ব্যাটিংয়ের ভবিষ্যৎ গড়ার কাজে। প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়ার পর থেকে ব্রিসবেনেই থাকছিলেন হিক।
দায়িত্বটা পেয়ে ৪৭ বছর বয়সী সাবেক ব্যাটসম্যানও দারুণ উচ্ছ্বসিত, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট ও ব্যাগি গ্রিনের প্রতি বরাবরই আমার শ্রদ্ধা প্রবল। অস্ট্রেলিয়ার তরুণ প্রতিভাদের সঙ্গে কাজ করা এবং তাদের বেড়ে ওঠা ও উন্নতিতে ভূমিকা রাখার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। কাজটা অবশ্যই হবে চ্যালেঞ্জিং, তবে চ্যালেঞ্জটা নিতে আমি মুখিয়ে আছি।’ ওয়েবসাইট।
ইংল্যান্ড তো বটেই, ক্রিকেট ইতিহাসেই সবচেয়ে বড় রহস্যগুলোর একটির নাম এই হিক। রানের বন্যা বইয়ে দিয়েছেন কাউন্টি ক্রিকেটে। প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে তাঁর ৪১১১২ রানের চেয়ে বেশি করেছেন মাত্র ১৪ জন, তাঁর ১৩৬ সেঞ্চুরির চেয়ে বেশি সেঞ্চুরি আছে মাত্র ৭ জনের। যদিও সেভাবে আলো ছড়াতে পারেননি টেস্ট আঙিনায়। ইংল্যান্ড দলে ১০ বছরের আসা-যাওয়ায় ৬৫ টেস্টে ৬ সেঞ্চুরিতে ৩৩৮৩ রান করতে পেরেছেন ৩১.৩২ গড়ে। ওয়ানডেতে তুলনামূলকভাবে সফলই বলতে জবে—১২০ ম্যাচে ৩৭.৩৩ গড়ে ৩৮৪৬ রান, ৫টি সেঞ্চুরি। ঘরোয়া আর আন্তর্জাতিকে উল্টো চেহারার রহস্য যা-ই হোক, এটা নিয়ে সন্দেহ নেই যে ব্যাটিংটা তিনি ভালোই জানেন, বোঝেন এবং বোঝাতে পারেন। এমনি এমনি তো আর চিরপ্রতিদ্বন্দ্বীরা তাঁর দ্বারস্থ হয়নি!