হিগুইয়েনের হ্যাটট্রিক, আর্জেন্টিনার বিশাল জয়
গঞ্জালো হিগুইয়েনের পা থেকে এল এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। আর এই অনন্য নৈপুণ্যের ওপর ভর করে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড অনেকটাই নিশ্চিত করে ফেলল ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা।খেলার ১৬ মিনিটের সময় দক্ষিণ কোরিয়ার পার্ক চু ইয়ংয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে এই গোলের উৎসে ছিলেন আর্জেন্টাইন প্লে-মেকার লিওনেল মেসি। বাঁ প্রান্ত থেকে মেসির একটি সুন্দর ক্রস দক্ষিণ কোরীয় সীমানায় উড়ে এলে পার্কের পায়ে লেগে বল দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক লি উন জেকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। খেলার ৩৩ মিনিটের সময় সেই মেসির ক্রস থেকেই মাপা হেডে হিগুইয়েন গোল করে নিজের গোল উৎসব শুরু করেন। প্রথমার্ধের একেবারে অন্তিম সময়ে আর্জেন্টিনার রক্ষণভাগের ভুলে দক্ষিণ কোরিয়া গোল করে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। দক্ষিণ কোরিয়ার পক্ষে গোলটি করেন ১৭ নম্বর জার্সি পরিহিত লি চুং ইয়ং।দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া আর্জেন্টিনার ওপর কিছুটা প্রভাব বিস্তার করে খেলার চেষ্টা করে। আর্জেন্টাইন সীমানায় কয়েকবার হানাও দেয় তারা। কিন্তু অভিজ্ঞতা ও যোগ্য গোল স্কোরারের অভাবে সেগুলোকে গোলে পরিণত করতে পারেনি দক্ষিণ কোরিয়া।খেলার ৬৫ মিনিটের সময় লিওনেল মেসির একটি দুর্দান্ত ফ্রি-কিক থেকে দক্ষিণ কোরিয়ার বক্সের মধ্যে পা ছোঁয়াতে ব্যর্থ হন প্রথমে কার্লোস তেভেজ এবং পরে হেইঞ্জ। ৭০ মিনিটের সময় ম্যাক্সি রদ্রিগুয়েজের পাস থেকে হিগুইয়েনের দুর্বল শট কোরীয় গোলরক্ষক সহজেই ধরে ফেলেন। তবে হিগুইয়েন আরও একটু যত্নবান হলেই এটিকে গোলে পরিণত করতে পারতেন তিনি।খেলার ৭৭ মিনিটের সময় হিগুইয়েন আর্জেন্টিনাকে ৩-১ গোলে এগিয়ে নেন। তবে গোলটির পুরো কৃতিত্ব দিতে হবে মেসিকে। মেসির শট বারে লেগে হিগুইয়েনের পায়ে এলে ফাঁকা পোস্টে তিনি জালে জড়িয়ে দেন। ৮০ মিনিটে তিনি হ্যাটট্রিক পূর্ণ করে আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করেন।