হিগুয়েইন এখন নাপোলির
চুক্তি হয়ে গেছে আগেই। স্বাস্থ্যপরীক্ষা হয়ে গেছে পরশু। এখন বাকি শুধু আনুষ্ঠানিক পরিচয়পর্ব। সেটাও গতকালই হয়ে যাওয়ার কথা। রিয়াল মাদ্রিদের গঞ্জালো হিগুয়েইন এখন নাপোলির। এর মধ্যেই টুইটারে হিগুয়েইন ও কোচ রাফায়েল বেনিতেজের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন নাপোলির মালিক অরেলিও ডি লরেন্তিস।
৩ কোটি ৭০ লাখ ইউরো (বোনাসসহ চার কোটি) দিয়ে রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে টানল নাপোলি। কদিন আগেই এডিনসন কাভানি চলে গিয়েছিলেন পিএসজিতে। হিগুয়েইনকে এখন তাঁর অভাবটাই পূরণ করতে হবে।
রিয়ালের হয়ে এক চ্যাম্পিয়নস লিগ ছাড়া অবশ্য সম্ভাব্য সবকিছুই জিতেছেন হিগুয়েইন। সাড়ে ছয় বছর আগে পা রাখার পর থিতু হতে একটু সময় লেগেছিল তাঁর। তবে ২০০৮-০৯ মৌসুম থেকেই আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠেন। সব মিলিয়ে রিয়ালের জার্সি গায়ে ১৯০ ম্যাচে ১০৭টি গোল এই স্ট্রাইকারের।
নাপোলিতে এসে অবশ্য পুরোনো দুই সতীর্থকে পাচ্ছেন হিগুয়েইন। রিয়াল থেকে কদিন আগেই হোসে কায়েহন ও রাউল আলবিওলকে নাপোলিতে এনেছেন বেনিতেজ। রয়টার্স।