হিগুয়েইনকে নিতে চায় জুভেন্টাস
টানা দুইবার ইতালীয় সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস। ঘরোয়া সাফল্য থাকলেও ইউরোপের সেরা ক্লাবগুলোর মঞ্চ চ্যাম্পিয়নস লিগে তুরিনের এ ক্লাবটি একেবারে ম্রিয়মাণ। কোনোভাবেই যেন ইতালীয় ফুটবলের ঐতিহ্যের সঙ্গে সংগতি রেখে চলতে পারছে না তারা। বার্সেলোনা, বায়ার্ন, রিয়ালের মতো দলগুলোর সঙ্গে সমান গতিতে পাল্লা দিয়ে যাওয়াই এ মুহূর্তে জুভেন্টাসের মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণের জন্য নতুন মৌসুমে দলটি হাত বাড়িয়েছে বেশ কয়েকজন তারকা ফুটবলারের দিকে। তাদের দৃষ্টিসীমায় আছে রিয়াল মাদ্রিদ তারকা গঞ্জালো হিগুয়েইনও।হিগুয়েইনের সঙ্গে প্রাথমিক আলাপও নাকি হয়ে গেছে জুভেন্টাসের। প্রাথমিক আলাপে চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলাপ হয়েছে দুই পক্ষের মধ্যে। এ সপ্তাহেই নাকি আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে মাদ্রিদে যাওয়ার কথা জুভেন্টাস ক্লাবের প্রতিনিধিদের। কেবল হিগুয়েইনই নয়, জুভেন্টাস আগ্রহী ফিওরেন্টিনার স্ট্রাইকার স্টিভেন জোভেটিচের প্রতিও। তাঁরা বড়শিতে গাঁথতে চায় লিভারপুল তারকা লুইস সুয়ারেজকে। এমনকি ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজকেও।এ ব্যাপারে জুভেন্টাসের এক কর্মকর্তা ইতালির রাই স্পোর্টসকে বলেন, ‘হিগুয়েইন ও জোভেটিচ দুজনই দারুণ ফুটবলার। আমরা আগামী মৌসুমে আমাদের কোচ অ্যান্তনিয়ো কন্তেকে কিছু ভালো খেলোয়াড় দিতে চাই। কেবল হিগুয়েইন ও জোভেটিচই নয়, আমরা আরও কয়েকজন ভালো খেলোয়াড়ের সন্ধানে রয়েছি।’ ওয়েবসাইট।