হিগুয়েইন-ফ্যাবিয়ানোদের শচীন-দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঞ্জালো হিগুয়েইন, লুইস ফ্যাবিয়ানোরা দেখা যাচ্ছে শচীন টেন্ডুলকারের অনুসারী! অন্তত কথাবার্তায় একেকজন যেন সাক্ষাৎ টেন্ডুলকার। সেই কবে থেকে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি যে কথাটি বলে আসছেন, সেটাই নতুন করে শোনালেন আর্জেন্টিনার হিগুয়েইন আর ব্রাজিলের ফ্যাবিয়ানো। ৪ গোল করে টুর্নামেন্টের এখন পর্যন্ত যৌথ সর্বোচ্চ গোলদাতা হিগুয়েইন বলছেন, তিনি কটা গোল হলো সেই হিসাব রাখছেন না। দলের জয়টাই তাঁর কাছে আসল। তাঁর মুখ থেকে কেড়ে নিয়ে ফ্যাবিয়ানোও বলছেন একই কথা।গঞ্জালো হিগুয়েইন: ‘আমি সোনার বুট নিয়ে মোটেও ভাবছি না। সত্যটা হলো, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে পারা হয়তো আপনার ব্যক্তিগত একটা তৃপ্তি হতে পারে, কিন্তু দলগত যে লক্ষ্য সেটিই যদি অর্জন না করা যায়, তো সোনার বুট দিয়ে কী হবে? বহুদিন ধরে আমি একটা স্বপ্ন পুষে আসছি—সতীর্থদের নিয়ে বিজয়ীর ল্যাপ অব অনার দেব ফাইনাল শেষে।’লুইস ফ্যাবিয়ানো: ‘আমি ব্রাজিলকে শিরোপা জেতাতে সাহায্য করতে চাই। এটাই আমার একমাত্র লক্ষ্য। হ্যাঁ, এর পাশাপাশি যদি আমি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হতে পারি তাহলে মন্দ হয় না।’ডেভিড ভিয়া? ভিয়া কী বলছেন। তাঁরও তো একটা মন্তব্য দরকার। দ্বিতীয় রাউন্ডেও দলকে পার করানোর আনন্দে নিমগ্ন ভিয়াকে এমন ব্যক্তিগত সাফল্য-ব্যর্থতার মতো ‘তুচ্ছ’ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে এখন পর্যন্ত দেখা যায়নি। অন্তত বার্তা সংস্থাগুলো সে রকম কোনো খবর বয়ে আনেনি।গোল্ডেন বুটের লড়াইয়ে এখন পর্যন্ত হিগুয়েইনের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছেন ভিয়াই। চারটি করে গোল এই দুজন ছাড়াও আছে স্লোভাকিয়ার রবার্ট ভিতেকের। ভিতেকের দল এরই মধ্যে ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে। গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি এখন শুধুই দর্শক। ভিয়া-হিগুয়েইনরা যেন আর গোল করতে না পারেন এই প্রার্থনা করা ছাড়া ভিতেকের করার কিছুও নেই।তবে কিনা শুধু ভিয়া-হিগুয়েইনই ভিতেকের প্রতিপক্ষ নন। নামের পাশে তিনটি করে গোল নিয়ে বুটে শান দিচ্ছেন ফ্যাবিয়ানো, ঘানার আসামোয়া জিয়ান, উরুগুয়ের লুইস সুয়ারেজ এবং জার্মানির টমাস মুলার। তিনটি গোল আছে আরও একজনের। তবে যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডনোভানেরও ছুটি হয়ে গেছে গত শনিবার। দুটো করে গোল আছে ১৪ জনের। তবে এঁদের মধ্যে গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে আর্জেন্টিনার কার্লোস তেভেজ, জার্মানির মিরোস্লাভ ক্লোসা আর লুকাস পোডলস্কি, হল্যান্ডের ওয়েসলি স্নাইডার এবং উরুগুয়ের ডিয়েগো ফোরলানের। দুটো গোল আছে এলানোরও। তবে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বিশ্বকাপ-স্বপ্নে ঘুণ ধরিয়েছে ইনজুরি। বিশ্বকাপে আর নাও দেখা যেতে পারে তাঁকে।বিশ্বকাপ শেষ হয়ে যাবে আরও অনেকের। পরের ম্যাচেই পাততাড়ি গুটিয়ে বাড়ি ফিরতে হবে গোল্ডেন বুটের লড়াইয়ে থাকা অনেককেই। এমনটাই হয়। হয় বলেই গত নয়টি বিশ্বকাপের সাতবারই সর্বোচ্চ গোলদাতার নামের পাশে গোলের সংখ্যা ছয়টি। দুবার ব্যতিক্রম। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের রোনালদো করেছিলেন আটটি গোল। আর গতবার তো ক্লোসা পাঁচ গোল করেই সোনার বুটটি নিয়ে গিয়েছিলেন বাড়িতে।তবে তাতেও ক্লোসার মন ভরেনি নিশ্চয়ই। ভরবে কী করে? জার্মানি যে গতবার আয়োজক হয়েও শেষ পর্যন্ত সান্ত্বনা খুঁজেছে তৃতীয় হয়ে। ক্লোসার দুঃখটা বোঝেন বলেই হয়তো গোল্ডেন বুট জিততে এত ‘আপত্তি’ হিগুয়েইন-ফ্যাবিয়ানোদের! শুধু ক্লোসা কেন, এই পুরস্কারটাই ব্যক্তিগত অর্জনের দিক দিয়ে যতটা আনন্দের, দলের জন্য যেন ঠিক ততটাই অভিশপ্ত! অভিশপ্তই। কারণ, সর্বোচ্চ গোলদাতারা শিরোপাও জিতেছেন এমনটা বিশ্বকাপের ইতিহাসে বিরল। বিশ্বকাপের প্রথম ছয়টি আসরের সর্বোচ্চ গোলদাতারা তো শিরোপা জিততে পারেননি। ১৯৫৮ বিশ্বকাপে একাই ১৩টি গোল করেছিলেন ফ্রান্সের জাঁ ফন্টেইন, আর তাঁর মুখের সামনে দিয়ে জুলে রিমে ট্রফি নিয়ে নাচতে নাচতে ঘরে ফিরেছে ব্রাজিলিয়ানরা!১৯৬২ বিশ্বকাপে সর্বপ্রথম সর্বোচ্চ গোলদাতার খোঁজ পাওয়া গেল চ্যাম্পিয়ন দলেও। জিতলেন ব্রাজিলের গারিঞ্চা আর ভাভা। ওই বিশ্বকাপেই কিন্তু আরও চারজন সর্বোচ্চ গোলদাতার তালিকাতে ছিলেন গারিঞ্চাদের সঙ্গে, শিরোপা জেতা হয়নি যাঁদের।সর্বোচ্চ গোলদাতাদের সঙ্গে বিশ্বকাপ শিরোপার এই বৈরী সম্পর্ক অটুট ছিল ১৯৬৬, ১৯৭০ এবং ১৯৭৪ বিশ্বকাপেও। ১৯৭৮ বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। মারিও কেম্পেস তাতে ৬ গোল করে রাখলেন বড় অবদান। জিতলেন সোনার বুট। ১৯৮২ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় পাওলো রসির নাম থাকতই না, যদি না টুর্নামেন্টের শেষ দিকে গিয়ে ঘুম ভাঙত ইতালি স্ট্রাইকারের। শিরোপা এবং গোল্ডেন বুট জেতার নজির আছে আর একটাই—২০০২ বিশ্বকাপে ব্রাজিলের রোনালদোর। কনে আঙুলেই হিসেব কষে দেখুন, গোল্ডেন বুট আর বিশ্বকাপ ট্রফি দুটোই একসঙ্গে হাতে তোলার উদাহরণ আছে মাত্র চারটি বিশ্বকাপে। বাকি ১৪টি বিশ্বকাপেই...।হিগুয়েইন-ফ্যাবিয়ানোরাই ঠিক বলেছেন। দলের ট্রফিটাই আসল, গোল্ডেন বুট-ফুট সব মিথ্যে!