হিগুয়েইন স্বার্থপর, কাকা ফর্মহীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাহাকার আর আত্মবিশ্লেষণ—চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়ার পর এই চলছে রিয়াল মাদ্রিদে। এটা নতুন নয়, এ নিয়ে টানা ৬ বার চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ল রিয়াল, প্রতিবারই একই কাজ করে আসছে তারা। তবে এবার রিয়ালের হাহাকার আর আত্মবিশ্লেষণে যোগ হয়েছে নতুন মাত্রা। সেটা যোগ হয়েছে মিডফিল্ডার গুতির একটি মন্তব্যে। প্রথম লেগে লিওঁ থেকে ০-১ গোলে হেরে আসার পর নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলে ড্র করে বাদ পড়েছে রিয়াল। এই ফল ব্যবচ্ছেদ করে গুতির কাছে মনে হয়েছে স্বার্থপরতাই রিয়ালের এ অবস্থার জন্য দায়ী। ‘আমরা দল হিসেবে খেলি না, আমাদের দলীয় ফুটবল খেলতে হবে’—স্প্যানিশ দৈনিক এল মুন্ডোকে বলেছেন গুতি।গুতির এই কথা শুনে কেউ কেউ হয়তো ভেবেই বসে আছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর দিকেই তর্জনী তুলেছেন তিনি। আসলে তা নয়, গুতি বলতে গেলে সবার কথাই বলেছেন। এমনকি নিজেকেও এর বাইরে রাখেননি! তবে তাঁর এই কথার পর স্পেনের সংবাদমাধ্যমে ঝড় উঠেছে। লিওঁর বিপক্ষে ম্যাচটি বিশ্লেষণ করে বের করেছে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনই ‘আত্মকেন্দ্রিক’ ফুটবল খেলেছেন।ম্যাচের মধ্যেই হিগুয়েইনের ওপর বিরক্তি প্রকাশ করেছেন রোনালদো। পেনাল্টি বক্সের সামনে পাস দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন হিগুয়েইন। স্পেনের সংবাদমাধ্যম হিগুয়েইনের আত্মকেন্দ্রিক খেলার একটা কারণও বিশ্লেষণ করেছে। ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার সঙ্গে জায়গা নিয়ে প্রতিযোগিতা তাঁর। দলে নিয়মিত জায়গা পেতে গোল চান তিনি। স্প্যানিশ লিগে দলের সবচেয়ে বেশি গোলের মালিক (১৬ গোল) হিগুয়েইন এমন কাজ তাই করতেই পারেন।ব্রাজিলিয়ান প্লে-মেকার কাকার ফর্ম নিয়ে কথা উঠেছে। ৬৫ মিলিয়ন ইউরোতে এসি মিলান থেকে রিয়ালে নাম লিখিয়েছেন কাকা। জার্সির সঙ্গে ফর্মটাও মনে হয় রেখে এসেছেন সেখানে। কারণ সাবেক ফিফা বর্ষসেরা খেলোয়াড় রিয়ালে আসার পর থেকেই কেমন যেন নিজের ছায়া হয়ে গেছেন।তবে কাকার মুখপাত্র ডিয়োগো কটসো সবকিছুর জন্য দুষছেন রিয়াল কোচ হোসে ম্যানুয়েল পেলেগ্রিনিকে। ‘ভীরু’—পেলেগ্রিনিকে এই আখ্যা দিয়ে কটসো বলছেন কোচ হিসেবে তিনি ‘অযোগ্য’। এএফপি।