হিগুয়েইন হবেন মেসির 'ভালদানো'?

সীমান্ত পেরিয়ে যাঁরা ব্রাজিল গেছেন, কিংবা যাঁরা আর্জেন্টিনায় বসে প্রিয় দলকে সমর্থন দিচ্ছেন, সবার এখন একটাই বিশ্বাস, মেসির ম্যারাডোনা হয়ে উঠতে মাত্র ১৮০ মিনিট বাকি আর! ১৮০ মিনিট মানে সাধারণ হিসেবে দুটি ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনাল।
২৮ বছর আগে ৫ ফুট সাড়ে ৫ ইঞ্চি উচ্চতার গাট্টাগোট্টা লোকটা মেক্সিকোতে এমন সব কীর্তি গড়েছিলেন যে, ভুল মনে হয়েছিল যাবতীয় তত্ত্ব। একটা সাদামাটা দলকে একক নৈপুণ্যে আগে কেউ বিশ্বকাপ জেতাতে পারেনি, পারবে কি না বলবে সময়। আর্জেন্টিনারও সেটাই ছিল দ্বিতীয় ও সর্বশেষ বিশ্বকাপ জয়। এর পর থেকে নীল-সাদার দেশ খুঁজে চলছে একজন নতুন ম্যারাডোনা।
মেসির মধ্যে সেই ম্যারাডোনার ছায়া খোঁজা অনেক দিন ধরেই। বার্সেলোনার হয়ে গত এক দশকে এমন সব কীর্তি গড়েছেন যে তাঁকে সর্বকালের সেরাদের সারিতে রাখতে প্রায় কারোরই আপত্তি নেই। শুধু একটাই অপ্রাপ্তি, বিশ্বকাপ। ব্রাজিল বিশ্বকাপে সেই অপ্রাপ্তি কিন্তু ঘুচিয়ে দেওয়ার পথে তিনি। গোল করছেন, করাচ্ছেন। দুই যুগ পরে প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে তুলেছেন শেষ চারে। ২৮ বছর আগে ম্যারাডোনা একাই শিরোপা জিতিয়েছিলেন, এবার মেসিও যেন সেই পথে।
সমস্যা একটাই। এবার মেসি যেন ম্যারাডোনার চেয়েও বেশি একা। ১৯৮৬ বিশ্বকাপের আর্জেন্টিনাকে ‘ম্যারাডোনা ও আরও ১০ জন’ বললেও আসলে সেই দলে ছিলেন ভালদানো, বুরুচাগা কিংবা রুগেরির মতো দুর্দান্ত কয়েকজন ফুটবলার।
আছেন তো মেসির পাশেও। ডি মারিয়া, হিগুয়েইন, আগুয়েরোরা এই সময়ের অন্যতম সেরা ফুটবলারদের তালিকায় থাকবেন। তবে আর মেসিকে একা বলা কেন?
কারণ আছে! ম্যারাডোনার একার বিশ্বকাপেও দুটি গোল ছিল বুরুচাগার, চারটি ভালদানোর, এই চার গোলের একটি আবার ফাইনালে জার্মানির বিপক্ষে। মেসির পাশে এবার অন্য কারও তেমন পারফরম্যান্স কোথায়! যাঁর পায়ে সেই পারফরম্যান্সের একটু আভাস ছিল, সেই ডি মারিয়া সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট পেয়ে বাইরে। আবার ওদিকে চোট কাটিয়ে আগুয়েরো ফিরছেন, কিন্তু তিনি যে বিশ্বকাপে খেলছেন এ পর্যন্ত সেটা বোঝার কোনো উপায় নেই। পারফরম্যান্স এতই মলিন!
তাহলে কে হবেন এ বিশ্বকাপের মেসির ভালদানো? আর কিন্তু না হোক, আজ হল্যান্ডের বিপক্ষে অন্তত সঠিক সময়ে গোলটা করে যিনি সঙ্গ দেবেন মেসিকে। ম্যারাডোনাকে যেমন দিয়েছিলেন ভালদানো।
বেলজিয়াম ম্যাচের পর একজনকে ঘিরেই আর্জেন্টাইন সমর্থকেরা সেই স্বপ্নটা দেখতে সাহস পাচ্ছেন—গঞ্জালো হিগুয়েইন!
আগের ম্যাচগুলোতে গোল পাননি বলে সমালোচনা শুনতে হয়েছিল। ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে স্বয়ং কোচ আলেসান্দ্রো সাবেলা আশ্বাস দিয়েছিলেন, ‘এটা সাময়িক। খুব শিগগিরই ও গোল পাবে।’ এক ম্যাচ পরেই কোচের আস্থার প্রতিদান দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। আর শুধু গোল কেন, মাঠেও আগের ম্যাচগুলোর চেয়ে উজ্জ্বল হিগুয়েইন। বল নিতে বেশ কয়েকবারই নিচে নেমে আসছিলেন, নিজের জন্য গোল করার সুযোগও তৈরি করে নিচ্ছিলেন। এ রকম একটি সুযোগ থেকে আবারও গোল প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু তার দুর্দান্ত শটটা ক্রসবারে লেগে যায় বাইরে। ম্যাচের পর মুগ্ধ সাবেলাও তাই বলেছেন, ‘ও নিজে অনেক দৌড়েছে, সতীর্থদের সাহায্য করেছে, গুরুত্বপূর্ণ গোলটা করেছে। একজন স্ট্রাইকারের কাছে এটাই তো সবার প্রত্যাশা।’
আজও কি সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন হিগুয়েইন?