হিগুয়েইনকে চেলসিতে চান মরিনহো

চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বে যেতে পারেনি নাপোলি! ছয় ম্যাচের চারটিতে জিতেও চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়েছে ইতালির ক্লাবটিকে। ১২ পয়েন্ট নিয়েও গ্রুপে তৃতীয় হওয়ার ঘটনা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম! দলকে পরের রাউন্ডে না নিতে পেরে কী যে কষ্ট পেয়েছেন গঞ্জালো হিগুয়েইন, তা বলে বোঝানো যাবে না! ম্যাচ শেষে বুকে দলা পাকানো সেই কষ্ট অশ্রু হয়ে বেরিয়েছে।
হিগুয়েইন দলের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ, তা এতেই স্পষ্ট। নাপোলি-অন্তঃপ্রাণ এ হিগুয়েইনকেই কিনা ছোঁ মারতে মরিয়া হয়ে উঠেছেন চেলসি ম্যানেজার হোসে মরিনহো! বোমাটা ফাটিয়েছে ইংলিশ ট্যাবলয়েড ‘দ্য সান’। মরিনহো পাখির চোখ করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকারের ওপর। হিগুয়েইনকে তাঁর চাই-ই চাই!
চেলসি-মালিক আব্রামোভিচকে এরই মধ্যে নিজের ‘চাহিদা’র কথা জানিয়েছেন। এটা নিশ্চয়ই জানা, শিরোপার জন্য জলের মতো টাকা ঢালতে আপত্তি নেই রুশ ধনকুবেরের! জানুয়ারির দলবদলে হিগুয়েইনকে কিনতে চেলসি নাকি ৬ কোটি পাউন্ড খরচ করতেও রাজি।
হিগুয়েইনের ঝাঁজ ভালোই জানা রয়েছে মরিনহোর। রিয়াল মাদ্রিদে থাকার সময়ই হিগুয়েইনের জাত চিনেছেন মরিনহো। এই মৌসুমেই রিয়াল ছেড়ে নাপোলিতে এসে নিজেকে নতুন করে চেনাচ্ছেন হিগুয়েইন। এই মৌসুমে ২১ ম্যাচে করেছেন ১৪ গোল। চেলসিও ভুগছে স্ট্রাইকার সংকটে। জানুয়ারিতে একজন স্ট্রাইকার কেনা তাদের জন্য অবশ্য কর্তব্য। সব মিলে গেলে সেটাই হবেন হিগুয়েইন।
এখন মরিনহো যতই আগ্রহী হয়ে উঠুক না কেন, চলতি বছরে নাপোলিতে যোগ দেয়া হিগুয়েইন আসলেই ইতালি ছাড়বেন কি না, সেটিই দেখার। অবশ্য ভালো টাকা পেলে নাপোলি যে দলের সম্পদ বেচতে রাজি, সেটা পিএসজিতে এডিনসন কাভানিকে বেচেই বুঝে দিয়েছে ইতালিয়ান ক্লাবটি।