হিগুয়েইনের জোড়া গোলে আর্জেন্টিনার সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঞ্জালো হিগুয়েইনের জোড়া গোলের সুবাদে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। পেনাল্টি থেকে ম্যাচের অন্য গোলটি করেন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি। এই জয় দিয়ে গ্রুপের শীর্ষস্থানটাও ভালোমতো ধরে রেখেছে দুবারের বিশ্বকাপজয়ীরা। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ২৩। দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার চেয়ে আর্জেন্টিনা এগিয়ে আছে চার পয়েন্টের ব্যবধানে।ম্যাচের শুরু থেকেই দারুণ ফর্মে ছিলেন লিওনেল মেসি। ২৯ মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি হিগুয়েইনের পা থেকে এলেও সেখানে কারিগর হিসেবে ছিলেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে পেনাল্টি থেকে নিজেই একটি গোল করেন মেসি। ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন গঞ্জালো হিগুয়েইন। এই গোলের নেপথ্যেও ছিলেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে আর্জেন্টিনার জালে বল জড়ানোর একটা সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা। হোসে সলোমনের ক্রস থেকে খানিকটা ফাঁকায় বল পেয়েছিলেন বদলি হিসেবে নামা রোমুলো ওটেরো। কিন্তু বলটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠাতে পারেননি ভেনেজুয়েলার এই মিডফিল্ডার। তাঁর নেওয়া শট চলে যায় গোলপোস্টের ওপর দিয়ে। খেলার একেবারে শেষপর্যায়ে ওটেরোর আরও একটি গোলপ্রচেষ্টা ব্যর্থ করে দেন আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। রয়টার্স।