হিগুয়েইনের দিকে চোখ চেলসির
গুঞ্জন আছে হোসে মরিনহোকে নিয়েও। তবে মরিনহোর দিকে হাত বাড়াক না-বাড়াক, এই গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ শিবিরে হানা দেবেই চেলসি। দ্য সান-এর খবর অন্তত সে রকমই। ইংলিশ ট্যাবলয়েডটির দাবি, চেলসির নজর এবার রিয়ালের আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের দিকে।চেলসির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, এই গ্রীষ্মেই দিদিয়ের দ্রগবাকে ছেড়ে দেওয়া হবে। ‘চেলসির আইভরিয়ান তারকার শূন্যস্থান পূরণ করতে চায় হিগুয়েইনকে দিয়ে। ক্রয় তালিকার শীর্ষে আছে হিগুয়েইন।’ বলেছে ওই সূত্র।ফ্রান্সের অলিম্পিক মার্শেই থেকে ২০০৪ সালে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেন দ্রগবা। দীর্ঘদিনে চেলসির প্রতীক হয়ে উঠলেও আর হয়তো ৩৪ বছর বয়সী দ্রগবার স্ট্যামফোর্ড ব্রিজে থাকা হচ্ছে না। দ্রগবা নিজেও চুক্তি নবায়নে রাজি নন বলে গুঞ্জন রটেছিল একবার।২০০৬ সালে রিভারপ্লেট থেকে বার্নাব্যুতে যোগ দেওয়া ২৪ বছর বয়সী হিগুয়েইন রিয়ালের হয়ে ২১৭ ম্যাচে ১০২ গোল করেছেন। এ মৌসুমেও আছেন দুর্দান্ত ফর্মে। লিগে ৩২ ম্যাচে ২১ গোল তাঁর। সব মিলিয়ে মৌসুমে ৫১ ম্যাচে করেছেন ২৫ গোল। অথচ এর ২৫ ম্যাচেই তাঁকে নামানো হয়েছে বদলি হিসেবে। এমন একজন স্ট্রাইকারকে রিয়াল থেকে ছুটিয়ে আনাটা সহজ নয়। চেলসিও তাই লোভনীয় প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে। প্রস্তাবটি নাকি তিন কোটি ৫০ লাখ পাউন্ডের!তবে হিগুয়েইনের বাবা এবং এজেন্ট হোর্হে অবশ্য স্পষ্টই জানিয়ে দিয়েছেন, রিয়াল ছাড়ার কোনো আগ্রহ তাঁর ছেলের নেই। ওয়েবসাইট।