হিঙ্গিস-সানিয়ার 'হ্যাটট্রিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যান্ড স্লাম জয়ের ‘হ্যাটট্রিক’ করে ফেললেন মার্টিনা হিঙ্গিস-সানিয়া মির্জা জুটি। ২০১৫ সালের উইম্বলডন ও ইউএস ওপেন জয়ের পর এবার অস্ট্রেলিয়ান ওপেনেও মেয়েদের দ্বৈতে চ্যাম্পিয়ন হলেন হিঙ্গিস-সানিয়া। কাল ফাইনালে চেক প্রজাতন্ত্রের আন্দ্রেয়া লাভাচকোভা ও লুসি রাদেসকা জুটিকে ৭-৬ (৭/১), ৬-৩ গেমে হারিয়েছেন তাঁরা।

গত মার্চে জুটি বাঁধা হিঙ্গিস-সানিয়া এ নিয়ে টানা ৩৬টি ম্যাচ জিতলেন। মেয়েদের দ্বৈতে সানিয়াদের চেয়ে টানা বেশি ম্যাচ জিতেছে আর মাত্র দুটি জুটি। ১৯৯০ সালে ইয়ানা নোভতনা ও হেলেনা সুকোভা জিতেছিলেন টানা ৪৪ ম্যাচ। বিশ্ব রেকর্ডটা মার্টিনা নাভ্রাতিলোভা ও প্যাম শ্রাইবার জুটির। ১৯৮৩ থেকে ১৯৮৫ সালের মধ্যে টানা ১০৯ ম্যাচ জিতেছিলেন তাঁরা। এএফপি।