হিজফেল্ডের দুই 'সুপার সাব'

৩০ বছরের বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ার৷ কত কত সাফল্য! পাঁচবার বুন্দেসলিগা জিতিয়েছেন বায়ার্ন মিউনিখকে, দুবার বরুশিয়া ডর্টমুন্ডকে৷ এই দুই ক্লাবকেই উপহার দিয়েছেন চ্যাম্পিয়নস লিগ, বায়ার্নকে ইন্টারকন্টিনেন্টাল কাপ৷ উয়েফার বর্ষসেরা কোচ হয়েছেন, সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছেন সর্বকালের সেরা বায়ার্ন কোচ৷ অথচ পরশু সুইজারল্যান্ডের দুই গোলে যেভাবে শিশুর মতো লাফালেন, কে বলবে ওটমার হিজফেল্ডের বয়স ৬৫!
ফাটকা দারুণভাবে কাজে লেগে যাওয়ার আনন্দ হয়তো এমনই বাঁধভাঙা!
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ফেবারিট ছিল হিজফেল্ডের দল৷ কিন্তু এনার ভ্যালেন্সিয়ার গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল ইকুয়েডর৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই মিডফিল্ডার ভ্যালেন্টিন স্টোকারের বদলে হিজফেল্ড মাঠে নামান অনভিজ্ঞ স্ট্রাইকার আদমির মেহমেদিকে৷ দুই মিনিটের মাথায় ম্যাচে সমতা, গোল স্কোরার ওই মেহমেদি! পরাজয় ঠেকানো পর মিশন ৩ পয়েন্ট৷ ৭৫ মিনিটে ইয়োসিপ দ্রমিচের বদলি নামালেন হারিস সেফারোভিচকে৷ শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে সেই সেফারোভিচের গোলেই নাটকীয় এক জয়ের উচ্ছ্বাসে ভেসেছে সুইসরা৷
গত বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলটির পর দুই ম্যাচে আর গোল করতে পারেনি সুইজারল্যান্ড৷ মেহমেদির গোলে কেটেছে ২৬৬ মিনিটের খরা৷ দেশের বিশ্বকাপ ইতিহাসে বদলি নেমে গোল করা প্রথম ফুটবলার তিনিই! কীর্তিটা জানার পর ২৩ বছর বয়সী স্ট্রাইকারের উচ্ছ্বাস বেড়ে গেছে আরও, ‘রেকর্ডের কথা জানতাম না৷ গোলটি এখন আরও েস্পশাল হয়ে গেল! দারুণ, দারুণ উচ্ছ্বসিত আমি, ভাষায় প্রকাশ করতে পারছি না৷’
পরশুর আগে ক্যারিয়ারে আরেকটি স্মরণীয় গোল ছিল সেফারোভিচের৷ ২০০৯ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তাঁর গোলেই ফাইনালে নাইজেরিয়াকে হারিয়েছিল সুইজারল্যান্ড৷ সেবার সর্বোচ্চ গোল স্কোরার হয়েছিলেন ৫ গোল করে৷ ছোটদের বিশ্বকাপের তারকা এবার ঝড় তুললেন বড়দের বিশ্বকাপ অভিষেকেই৷ সেফারোভিচের তৃপ্তিটাও তাই অনেক বেশি, ‘যুব বিশ্বকাপের গোলটির কথা কখনোই ভুলব না৷ কিন্তু এটিই তো আসল বিশ্বকাপ, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর৷ এই আনন্দের তুলনা নেই৷’ ওয়েবসাইট৷