হিটেই গ্লাসগো মাতালেন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লাসগো কমনওয়েলথ গেমসেও সেই পুরোনো চেহারাতেই দেখা গেল উসাইন বোল্টকে। ছবি: রয়টার্স
গ্লাসগো কমনওয়েলথ গেমসেও সেই পুরোনো চেহারাতেই দেখা গেল উসাইন বোল্টকে। ছবি: রয়টার্স

গ্লাসগো কমনওয়েলথ গেমসে মাত্র একটি ইভেন্টেই অংশ নিয়েছেন উসাইন বোল্ট। কিন্তু তার পরও তিনিই ছিলেন কমনওয়েলথ গেমসের অন্যতম প্রধান আকর্ষণ। ইতিহাসের দ্রুততম মানব বলে কথা। কেন তাঁর দৌড় দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে, সেটা আরও একবার দেখিয়েই দিলেন এই জ্যামাইকান অ্যাথলেট। দারুণ পারফরম্যান্স দেখিয়ে ৪–১০০ মিটার রিলের হিট পর্ব পার করিয়েছেন জ্যামাইকাকে।
শুরুতেই কিছুটা বিপাকে পড়েছিল বোল্টের জ্যামাইকা টিম। প্রথম দৌড়বিদ কিমারি রোচ পড়েছিলেন ইনজুরির কবলে। মাঝপথে এসে চোট পেয়েছিলেন ঊরুতে। শেষ পর্যন্ত অবশ্য ব্যাটনটা হস্তান্তর করতে পেরেছিলেন জুলিয়ান ফন্টের কাছে। এরপর নিকেল আশমেডের হাত ঘুরে সেটি এসেছিল বোল্টের কাছে। সে সময় কিছুটা পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত বোল্টের গতির কাছে হার মানতে হয়েছে প্রতিপক্ষদের। চূড়ান্ত পর্বেও এ রকম পারফরম্যান্স দেখাতে পারলে আরও একটি সোনা যোগ হবে জ্যামাইকার ঘরে। আজ বাংলাদেশ সময় রাত সোয়া দুইটায় হবে রিলের ফাইনালটি।
ট্র্যাকে আলো ছড়ালেও গ্লাসগোতে এসে শুরুতেই বিতর্কের মুখে পড়েছিলেন বোল্ট। কমনওয়েলথ গেমস সম্পর্কে নাকি করেছিলেন নেতিবাচক মন্তব্য। ইংল্যান্ডের দ্য টাইমস পত্রিকায় এমন খবর প্রকাশ হওয়ার পর অবশ্য সেটা অস্বীকারই করেছেন এই কিংবদন্তি। গতকাল দৌড় শেষে সেটা মনে করিয়ে দিয়েছেন আরও একবার, ‘আমি বিশ্বাসই করতে পারছি না যে তারা এমনটা বলেছে। আমি কখনোই খারাপ কিছু বলিনি। এখানে অংশ নিতে পেরে আমার খুব ভালো লাগছে আর আমি এখানে এসেছি আমার সমর্থকদের জন্য। এটা খুবই দারুণ। ঠিক যেন লন্ডন অলিম্পিকের মতো। এখানকার দর্শকেরাও অসাধারণ।’ বিবিসি অনলাইন।