হিডিংককে কোচ হিসেবে চান টেরি
কার্লো আনচেলত্তির বিদায়ের পর ইংলিশ ক্লাব চেলসির কোচের পদটা এখন খালি। হট চেয়ারটিতে ভবিষ্যতে কে বসবেন, তা নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। সামনে অনেক বিখ্যাত কোচেরই চেলসি কোচের পদ আলোকিত করার সম্ভাবনা থাকলেও এ ব্যাপারে চেলসির অধিনায়ক জন টেরির পছন্দ ডাচম্যান গুস হিডিংক।‘আনচেলত্তির পর চেলসির কোচ কে হতে যাচ্ছেন, তা জানি না তবে আমি খুশি হব রোমান আব্রাহোমভিচ যদি হিডিংককে কোচ হিসেবে পছন্দ করেন।’ টেরির অভিমত।‘তিনি মানুষ হিসেবে অসাধারণ। আমি জানি, তিনি হয়তো অন্য কোথাও ব্যস্ত রয়েছেন। তবে আমি ব্যক্তিগতভাবে হিডিংকের সঙ্গে যোগাযোগ রেখে চলছি।’ বলেছেন টেরি।হিডিংক সম্পর্কে টেরি আরও বলেন, ‘তিনি যেকোনো দলে শৃঙ্খলা এনে দিতে পারেন। মানুষ হিসেবে তিনি শৃঙ্খলায় বিশ্বাস করেন। তিনি সিনিয়র খেলোয়াড়দেরও ছাড় দেন না। তিনি উদার। কিন্তু তাঁর ব্যক্তিত্বটাই এমন যে, কেউ সেটার সুযোগ নেয় না।’গুস হিডিংক এই মুহূর্তে তুরস্কের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু গতকাল বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করে তুরস্ক ২০১২ সালের ইউরোর চূড়ান্ত পর্বে খেলা অনেকটাই শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। সেই হিসেবে তুরস্কের কোচ পদেও তাঁর চুক্তিটি কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।হিডিংকে কোচ হিসেবে চাইলেও বিদায়ী কোচ আনচেলত্তির জন্য সবটুকু সহানুভূতিই রয়েছে জন টেরির। তিনি বলেছেন, ‘কার্লোর চলে যাওয়াটা খুবই দুঃখজনক। তিনি দারুণ একজন কোচ। মানুষ হিসেবেও অসাধারণ। তিনি আমাদের যা দিয়েছেন, আমাদের জন্য তাঁর যে পরিশ্রম ছিল, সেই হিসেবে তাঁর বিদায়টা একটু বাড়াবাড়িই হয়ে গেছে। তবে, এটাই ফুটবল। পেশাদারি।’ টেলিগ্রাফ।