হিতে বিপরীত হবে আমিরের!
মোহাম্মদ আমির আশায় ছিলেন—হয়তো শাস্তি কমে যাবে তাঁর। তাঁর হয়ে আইসিসির কাছে সেই আবেদনই করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু গতকাল লন্ডনে আইসিসির বোর্ড সভা শেষে দেওয়া বিবৃতি দেখে নিশ্চয়ই হতাশ পাকিস্তানি পেসার। পিসিবির আবেদনে ‘হিতে বিপরীত’ হতে পারে আমিরের জন্য! কারণ ফিক্সিং বন্ধ করতে আইসিসির দুর্নীতিবিরোধী আইন পরিমার্জন করে আরও কঠোর এবং শক্তিশালী করা হচ্ছে। সামান্য সাজাতেই যাঁরা এত দিন পার পেয়ে যাচ্ছিলেন তাঁরা এবার আর অল্পতে পার পাবেন না!
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আমির, যা শেষ হতে এখনো বছর দুয়েক বাকি। তরুণ এই পেসারের নিষেধাজ্ঞার মেয়াদটা কমিয়ে আনতে আইসিসির কাছে আবেদন জানিয়েছিল পিসিবি। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সম্মতি জানিয়েছে আইসিসিও। তবে সেটা হবে পরিমার্জিত নতুন আইনে। আমির না আবার বিপদে পড়ে যান! এএফপি।