হিথ স্ট্রিকই বোলিং কোচ

অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো হিথ স্ট্রিকের নাম। জিম্বাবুয়ের সাবেক এই অলরাউন্ডারই আগামী দুই বছরের জন্য বাংলাদেশ দলের বোলিং কোচ। কাল সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। সঙ্গে ছিলেন ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান।
ইঙ্গিতটা আগেই পাওয়া গিয়েছিল যে হিথ স্ট্রিকই বাংলাদেশ দলের বোলিং কোচ হচ্ছেন। আনুষ্ঠানিক ঘোষণায় আরেকটু বিস্তারিত জানালেন জালাল ইউনুস। দুই বছরের চুক্তি হলেও এই দুই বছরে বিসিবিকে মোট ৪৫০ দিন সময় দেবেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক। তাঁর পারিশ্রমিকও নির্ধারিত হবে কার্যদিবসের ওপর ভিত্তি করে । আয়কর বাদ দিয়ে বাংলাদেশে অবস্থানকালীন প্রতিদিনের জন্য আনুমানিক ৫০০ ডলার পাবেন স্ট্রিক৷ তবে তাঁকে সরাসরি জাতীয় দলের বোলিং কোচ বলা যাবে না। তিনি নিয়োগ পাচ্ছেন বিসিবির বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে। জাতীয় দল ছাড়াও বিসিবি যখন যেখানে চাইবে তাঁকে কাজে লাগাতে পারবে। আগামী মাসের প্রথম সপ্তাহে স্ট্রিক বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।
বুলাওয়ের অদূরে নিজের পৈতৃক ভিটায় তিলে তিলে গড়ে েতালা এনথোকোয়েনি সাফারি ছেড়ে আসতে কষ্টই হওয়ার কথা হিথ স্ট্রিকের৷ আছে স্ত্রী আর তিন সন্তান এবং অনেক ব্যবসাপাতিও৷ কিন্তু ক্রিকেটটা যে রক্তে! কাল জিম্বাবুয়ে থেকেই জানিয়েছেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ‘আমি টাইগারদের সঙ্গে কাজ করার চ্যালেঞ্জের অপেক্ষায় আছি৷ এমন একটা সুযোগের জন্য বিসিবিকে ধন্যবাদ৷’ সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের কোচিংয়ে ফেরাটাকে বলেছেন রোমাঞ্চকর, ‘শীর্ষ পর্যায়ে কোচিং করানোর প্রতি আমার একটা অনুরাগ আছে৷ আশা করি, একজন সাবেক খেলোয়াড় ও কোচ হিসেবে আমি আমার অভিজ্ঞতা বাংলাদেশি বোলারদের কাজে লাগাতে পারব৷’
টেস্ট খেলেছেন ৬৫টি, ওয়ানডে ১৮৯টি। জিম্বাবুয়েকে নেতৃত্বও দিয়েছেন লম্বা সময় ধরে। ২০০৯ সালে কোচিংয়ে এসে কাজ করেছেন জিম্বাবুয়ের বোলিং কোচ হিসেবে। কোচ ছিলেন জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের দল বুলাওয়ে অ্যাথলেটিকো ক্লাবেরও। এ ছাড়া আছে ইংলিশ কাউন্টিতে খেলার দীর্ঘ অভিজ্ঞতা। আবাহনীর হয়ে ২০০২ সালে খেলে গেছেন ঢাকার ক্লাব ক্রিকেটেও। সব মিলিয়ে বোলিং কোচ হিসেবে হিথ স্ট্রিকের মতো একজনকে পেয়ে যে বিসিবি দারুণ খুশি, তা বোঝা গেল জালাল ইউনুসের কথাতেই, ‘তাঁর প্রোফাইল খুবই ভালো। জেফ টমসন, ম্যালকম মার্শাল, অ্যালান ডোনাল্ডের মতো বড় বোলারদের সঙ্গে কাজ করেছেন।’
৪৫০ দিনের চুক্তিতে প্রায় প্রতিটি সিরিজেই বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন নতুন বোলিং কোচ। জাতীয় দলের প্রতিটি সিরিজ বা টুর্নামেন্টের অন্তত দুই-তিন সপ্তাহ আগে যোগ দেবেন কাজে। ২০১৫ বিশ্বকাপের আগে থাকবেন একটু বেশি সময়। মাঝে এক সপ্তাহের ছুটি বাদ দিলে আগামী নভেম্বর-ডিসেম্বরের জিম্বাবুয়ে সিরিজ থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত প্রায় পুরো সময়টাই দলের সঙ্গে থাকবেন স্ট্রিক৷ এ ছাড়া আগামী দুই বছরের কোন সময়ে কত দিন তিনি বিসিবির হয়ে কাজ করবেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সেটারও একটা সূচি তৈরি করা হয়েছে। ‘আমাদের যে রকম প্রয়োজন, সেভাবেই তাঁকে পরিকল্পনা দেওয়া হয়েছে এবং তিনি তাতে সম্মত হয়েছেন’—বলেছেন মিডিয়া কমিটির প্রধান।
কোচিং স্টাফে স্ট্রিকের মতো একজন ব্যক্তিত্ব পাওয়াটা বাংলাদেশ দলের জন্য ভালো মনে করছেন নির্বাচক হাবিবুল বাশার। অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়কের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে তাঁকে। সে অভিজ্ঞতা থেকেই বললেন, ‘লড়াকু মানসিকতার মানুষ হিথ স্ট্রিক। দলকে কীভাবে খেলাতে হয়, সেটা খুব ভালো জানেন। মানুষ হিসেবেও অসাধারণ। সবার সঙ্গে সহজে মিশতে পারেন। আমার বিশ্বাস, কোচিংয়ের পাশাপাশি ছেলেদের ওপর তাঁর এসব গুণও প্রভাব ফেলবে।’
চন্ডিকা হাথুরুসিংহের পর হিথ স্ট্রিক। বাংলাদেশ দলের জন্য আপাতত এর চেয়ে ভালো কোচ খঁুজে পাওয়া বোধ হয় সম্ভব ছিল না। নিজেদের কাজ দিয়ে এরই মধ্যে ভালো ‘শিক্ষক’-এর স্বীকৃতি আদায় করে নেওয়া এই কোচদের কাছ থেকে ক্রিকেটাররা কতটা নিতে পারেন, সেটাই এখন দেখার।