হিথ স্ট্রিকের অন্য জগৎ

স্বর্গ? নাকি শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি! কিংবা স্বপ্নও হতে পারে। হয়তো ঢুকে পড়েছি রূপকথার কোনো গল্পে। বুলাওয়ের কাছেই হিথ স্ট্রিকের র্যাঞ্চ (খামার)। পরিবার-পরিজন নিয়ে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক সেখানেই থাকেন। এটুকু আগে জানা থাকলেও সেই র্যাঞ্চ যে কল্পনাকেও ছাড়িয়ে যাওয়ার মতো এক ব্যাপার, সেটা কে জানত!
হিথ স্ট্রিকের র্যাঞ্চ একের ভেতরে চার। বুলাওয়ে শহর থেকে গাড়িতে ঘণ্টা খানেকের রাস্তা। মহাসড়ক পেরিয়ে যার বেশ কিছুটা অংশই বালু আর কংক্রিটের এবড়োখেবড়ো পথ। দুই পাশে জনমানবহীন ঝোপঝাড়। তবে দুর্গম এই ‘গিরি’ পেরিয়ে যখন এনথোকোয়েনিতে পৌঁছাবেন, পথের কষ্ট সার্থক হয়ে যাবে। জিম্বাবুয়েতে এসে ভিক্টোরিয়া ফলস না দেখলেই নয়। বুলাওয়ের মাটোপো হিলস, স্টোন সিটি, হারারের লায়ন অ্যান্ড চিতা পার্ক কিংবা সারা দেশে ছড়িয়ে থাকা অসংখ্য সাফারির মতো হিথ স্ট্রিকের বাড়ি না দেখে ফেরাটাও বোকামি। এখানে জন্ম নিয়ে স্ট্রিক নিজেকেও মনে করেন ভাগ্যবান, ‘স্বর্গেই আছি, বলতে পারেন। এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি—আমি আসলেই ভাগ্যবান। আমার পরিবার এই র্যাঞ্চে আছে ১৮৯৯ সাল থেকে। আমাদের অনেক প্রজন্ম কাটিয়ে গেছে এখানে। এই বাড়িতে বড় হতে পারাটা বিরাট এক ব্যাপার।’
বুলাওয়ে থেকে এতটা দূরে থাকতেন বলে খেলোয়াড়ি জীবনে সমস্যাই হতো স্ট্রিকের। অনুশীলন বা খেলতে যেতে ঝক্কি পোহাতে হতো অনেক। তার পরও প্রকৃতির নির্জনতা ছেড়ে কখনো শহরের বাসিন্দা হননি একটা কারণেই, ‘এর মতো শান্তির জায়গা আর নেই। তা ছাড়া ক্রিকেট ট্যুর করে এসে কয়েকটা দিন আয়েশে কাটানোর জন্যও এটা চমৎকার জায়গা। ট্রাফিক জ্যাম নেই, দূষণ নেই। জঙ্গল, গেম পার্ক, শিকার করা বা মাছ ধরার সুযোগ—কী নেই এখানে!’
৬০০ গরু আর অসংখ্য গবাদিপশুর খামারবাড়িটা মূল পারিবারিক ব্যবসা হলেও এখানে আছে পর্যটকদের থাকার জন্য ৩০ শয্যার ব্যতিক্রমধর্মী ছয়টি লজ, আছে বন্য প্রাণীর অভয়ারণ্য এনথোকোয়েনি সাফারিস। সঙ্গে বাপ-দাদার ভিটেটাও। স্ত্রী নাডিন, দুই মেয়ে হলি ও শার্লট, ছেলে হ্যারি আর বাবা-মাকে নিয়ে এখানেই স্ট্রিকের বাস। বড় মেয়ে হলি এখন আয়ারল্যান্ডে পড়ছে। একমাত্র শিক্ষিকা বোন বিয়ে করে বুলাওয়ে শহরে সংসারী হয়েছেন। হিথ স্ট্রিকের পরিবারের সদস্য বলতে পারেন পোষা কুকুর-বিড়ালগুলোকেও। এদের মধ্যে সবচেয়ে ভাগ্যবান মনে হলো লুইকে। সারাক্ষণই স্ট্রিকের গা ঘেঁষে থাকে লুই। কালো এই ল্যাব্রেডরই সম্ভবত সবচেয়ে ঘনিষ্ঠ তাঁর। স্ট্রিক পরিবারের সম্পত্তি সব মিলিয়ে ১২ হাজার একরের। একটা সময় তা ৪০ হাজার একর থাকলেও বাকিটা আস্তে আস্তে চলে গেছে সরকারের অধিগ্রহণে।
খেলা ছাড়ার পর বেশ কিছুদিন জিম্বাবুয়ের ক্রিকেট থেকে দূরে ছিলেন। মাঝে একবার বোলিং পরামর্শক হিসেবে ফিরে এলেও এখন আবার এতটাই দূরে যে, বাংলাদেশ-জিম্বাবুয়ের দ্বিতীয় ওয়ানডে দেখতে এসে পড়তে হয়েছিল বিব্রতকর এক পরিস্থিতিতে। ছেলে হ্যারিকে সঙ্গে নিয়ে মাঠে এসেছিলেন স্ট্রিক। কিন্তু নিজে ভিআইপি গ্যালারিতে ঢোকার অনুমতি পেলেও ঢোকাতে পারেননি ছেলেকে। টি-টোয়েন্টি ম্যাচ দুটি তাই টেলিভিশনে দেখবেন বলেই মনস্থির করেছেন।
স্ট্রিকের তাতে খুব মন খারাপ বলে মনে হলো না। পোড় খাওয়া মানুষ, এসব দেখে অভ্যস্ত। জিম্বাবুয়ের ক্রিকেট তাঁকে তারকা যেমন বানিয়েছে, জীবনের কঠিনতম দিকটাও এই জিম্বাবুয়ের ক্রিকেট থেকেই তো দেখা! এখন তাই পুরোপুরিই এক সংসারী লোক। এনথোকোয়েনি সাফারি পার্ক ও অন্যান্য ব্যবসা দেখার পাশাপাশি ভারতীয় বিনিয়োগকারীদের জন্য কিছু পরামর্শকের কাজ করেন। ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টতা বলতে জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টাস্কার্সের কোচের দায়িত্ব।
পর্যটকদের থাকার জন্য ছোট একটা লজ স্ট্রিকের দাদাই করে দিয়ে গিয়েছিলেন। ১৯৯৬ সালের পর হয়েছে আরও পাঁচটি লজ, বেড়েছে ব্যবসা। বন্ধুবান্ধব নিয়ে হইহল্লা করে থাকার মতো লজ যেমন আছে, আছে ভালাভালা বা উবালুর মতো বিলাসী হানিমুন লজ, আর ইমপালার মতো পারিবারিক লজও। গ্রানাইট পাথরে নির্মিত প্রতিটি লজের স্থাপত্যশৈলীই চমৎকার। শোবার ঘর কিংবা টয়লেটে ঢুকলে মনে হবে দুর্গম অরণ্যের কোনো গুহা।
পাথুরে পথে ঘুরে বেড়ানোর জায়গারও অভাব নেই স্ট্রিকের র্যাঞ্চে। সূর্যাস্ত দেখার জন্য সানসেট পয়েন্ট, পাশের ছোট নদী কিংবা এখানে-ওখানে ছড়িয়ে থাকা বিশালাকৃতির পাথর—কোথাওই দুদণ্ড না দাঁড়িয়ে উপায় নেই। প্রাকৃতিক আবহে আধুনিক সুযোগ-সুবিধারও কমতি নেই। মুঠোফোনের নেটওয়ার্ক পেতে উচ্চক্ষমতাসম্পন্ন অ্যান্টেনা লাগানো হয়েছে। আছে বার-বি-কিউ পার্টির ব্যবস্থা, পাহাড় আর জঙ্গলের পরিবেশ ফুটিয়ে তোলা অন্দরসজ্জার খাবারঘর, রান্নাঘর। সর্বোচ্চ ৩০ জন একসঙ্গে থাকার ব্যবস্থা থাকলেও অতিথিদের নির্জনতা বেশ গুরুত্ব পায় এই র্যাঞ্চে। একসঙ্গে একটা দলের বেশি অতিথি থাকার সুযোগ নেই লজে, তা সেই দলটা ৩০ জনেরই হোক কিংবা ৮-১০ জনের। ‘আমি চাই, লোকজন এখানে এসে যেন নিরিবিলিতে থাকতে পারে, তাদের প্রাইভেসি যাতে নষ্ট না হয়। লজে একটাই রান্নাঘর অতিথিদের জন্য, একটাই খাবারঘর। বেড়াতে এসে এখানে বাইরের লোক দেখলে আপনারই ভালো লাগবে না’—বলছিলেন স্ট্রিক।
সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে এনথোকোয়েনি সাফারি আর ঘোরা হয়নি বাংলাদেশি সাত সাংবাদিক ও স্ট্রিকের পুরোনো বন্ধু বিসিবির কর্মকর্তা আহমেদ সাজ্জাদুল আলমের। স্ট্রিক পরিবারের বসতভিটা, লজের সৌন্দর্য আর হিথ স্ট্রিক দম্পতির আন্তরিক আতিথেয়তার পর অবশ্য সেটার দরকারও ছিল না। মুগ্ধ হওয়ার জন্য এই তো যথেষ্ট!