হিথ্রো থেকে ফিরে গেলেন স্টার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার দেশের বাইরের কোনো দলে খেলতে যাচ্ছেন, সেটাও আবার ইংলিশ কাউন্টিতে। মিচেল স্টার্ক ছিলেন দারুণ রোমাঞ্চিত। সেই রোমাঞ্চ-টোমাঞ্চ এখন উবে গেছে। তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরশু ফিরতে হয়েছে অস্ট্রেলিয়ায়। ভিসা ফরম পূরণে ভুল করায় হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা আটকে রাখার পর দেশের বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান পেসারকে! একটা সান্ত্বনা (নাকি যন্ত্রণা!) অবশ্য আছে, বাঁহাতি পেসারের মেয়েবন্ধুকে ইংল্যান্ডে থাকার অনুমতি দেওয়া হয়েছে।ইয়র্কশায়ারের সঙ্গে স্টার্কের চুক্তিটা মাত্র পাঁচ সপ্তাহের, খেলতেন পারতেন মাত্র চারটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ। কিন্তু ব্রিস্টলে কাল শুরু হওয়া গ্লস্টারশায়ারের বিপক্ষে ম্যাচটি খেলতে পারলেন না। হ্যাম্পশায়ারের বিপক্ষে পরের ম্যাচের আগেই অবশ্য ফিরে আসবেন। অর্ধেক পৃথিবী ঘুরে আবার দেশে ফিরে মাঠে নেমে কী করতে পারবেন, এই প্রশ্ন তো আছেই। আন্তর্জাতিক ক্রীড়া তারকার এমন হয়রানি হওয়াটা যথেষ্টই আলোড়ন তুলেছে। ইয়র্কশায়ারের চেয়ারম্যান কলিন গ্রেভস অবশ্য পুরো দায় চাপালেন স্টার্কের এজেন্টের ওপর, ‘পুরো ব্যাপারটাই দুঃখজনক। এ ঘটনায় প্রমাণিত হলো ভালো এজেন্ট যেমন আছে, আছে বাজে এজেন্টও। ইংলিশ কর্তৃপক্ষকে দায় দেওয়ার কিছু নেই, সঠিক কাগজপত্র না থাকলে তাদের তো আইন মানতেই হবে।’ স্টার্ককে আবার ইংল্যান্ডে ফেরার ফিরতি বিমানভাড়াও দেওয়া হবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন গ্রেভস।প্রশ্ন উঠছে, এমন কিছু বিশেষ মুহূর্তে কাগুজে আইনের বাইরে গিয়ে ‘কমনসেন্স’ কাজে লাগানো যায় কি না তা নিয়ে। স্টার্ক তো পরিচিত একজন আন্তর্জাতিক ক্রিকেটার, কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বা সন্দেহভাজন কেউ নন। ইয়র্কশায়ারের হয়ে খেলার কাগজপত্রও ছিল সঙ্গে। কোনো মন্ত্রী বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির ভিসার ফর্মে ভুল হলে তো ঠিকই ছাড় দেওয়া হয়! দেশে না পাঠিয়ে স্টার্ককে বিমানবন্দরে রেখেই এজেন্টের কাছ থেকে ই-মেইলে নতুন করে কাগজপত্র চাওয়া হয়নি কেন, এই প্রশ্নও উঠছে।ইংল্যান্ডে কিছুদিন ধরেই তুমুল বিতর্ক চলছে ইমিগ্রেশন নিয়ে। হিথ্রো বিমানবন্দরের লম্বা লাইন এখন নিয়মিত দৃশ্য। কদিন আগে ভিসা-জটিলতায় আসতে দেরি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার মারলন স্যামুয়েলস, আসাদ ফুদাদিন ও নরসিং দেওনারায়ণের। হাউস অব কমন্সেও তুমুল বিতর্ক হয়েছে ভিসাপদ্ধতি সহজ করা নিয়ে। অভিবাসনমন্ত্রী ড্যামিয়েন গ্রিনকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাপারটার সুরাহা করতে। অলিম্পিক কড়া নাড়ছে দরজায়, এসব কারণে না আবার বিব্রত হতে হয় ইংল্যান্ডকে! ওয়েবসাইট।