হিমাগারে তৃণমূলের ফুটবল
অনেক আগেই তৃণমূল পর্যায়ের ফুটবল জাদুঘরে তুলে রাখার ব্যবস্থা করে ফেলেছিলেন এ দেশের ফুটবল সংগঠকেরা। বাফুফের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার আড়াই বছরেও অবস্থার বিশেষ উন্নতি নেই। ঢাকা মহানগরী লিগ কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, সাংগঠনিক ব্যর্থতা এবং ‘মাঠ-সমস্যায়’ তৃণমূল ফুটবল স্থবিরই হয়ে আছে।এ বছর ২৭ মে শুরু হয়ে ২৪ আগস্ট শেষ হয়েছে প্রথম বিভাগ লিগ। বাংলাদেশ লিগের নিচের স্তরে চলতি বছরে আয়োজন ওই একটিই! ২০০৮ ও ২০০৯ সালে প্রথম বিভাগ হয়ইনি। ২০০৭ সালে হয়েছিল। এর আগে হয়েছে ২০০৪-০৫ ও ২০০৩-০৪ মৌসুমে। ১৯৯৯ সাল থেকে গত ১১ বছরে প্রথম বিভাগ হয়েছে ৮ বার। অনেক আশা নিয়ে শুরু হওয়া কাজী সালাউদ্দিন যুগেও তৃণমূল পর্যায়ের ফুটবল অবহেলিত থেকে যাওয়ার ফল যা হওয়ার তা-ই হয়েছে। ফুটবল জাগরণের স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে।বর্ষপঞ্জি হিসেবে দ্বিতীয় বিভাগ লিগ সর্বশেষ হয়েছে ২০০৭-০৮ মৌসুমে। ওই বছরের লিগ ২০০৮ সালের ২৫ জুলাই শুরু হয়ে শেষ হয়েছিল ২৯ নভেম্বর। গত ১১ বছরে দ্বিতীয় বিভাগ লিগ হয়েছে মাত্র ছয়বার (১৯৯৯, ২০০১, ২০০২, ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৭-০৮)। গত বছর লিগ হয়নি, এই বছরও চলে গেল। দ্বিতীয় বিভাগ মুছেই যাচ্ছে ক্যালেন্ডারের পাতা থেকে!তৃতীয় বিভাগের অবস্থাও তথৈবচ। ২০০৭-০৮ মৌসুমের লিগ গত বছর ২৮ জানুযারি শুরু হয়ে শেষ হয়েছিল ওই বছরেরই ২৬ মার্চ। এ বছর লিগটা হলোই না। গত ১৩ বছরে তৃতীয় বিভাগ লিগ হয়েছে মাত্র ৬টি (২০০৭-০৮, ২০০৩-০৪, ২০০২, ২০০১, ২০০০, ১৯৯৭)।আড়াই বছর পর পাইওনিয়ার লিগ শুরু হয়েছে গত পরশু। এই লিগ গত ১০ বছরে হয়েছে মাত্র চারবার। তা-ও ভালো, পাইওনিয়ার লিগ অন্তত হিমাগার থেকে বেরিয়েছে। দ্বিতীয়, তৃতীয় বিভাগ কিংবা প্রথম বিভাগ লিগ কবে বেরোবে বা আদৌ বেরোবে কি না কেউ জানে না! লিগ কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব দুটি বছর পার করে দেওয়ার পর নতুন কমিটি গঠিত হয়েছে তা-ও বছর হতে চলল। এই কমিটি পাইওনিয়ার লিগ শুরু করেছে সবে। কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ বলেছেন, পাইওনিয়ার লিগ শেষে অন্য লিগগুলোও মাঠে গড়ানোর উদ্যোগ নেওয়া হবে।কবে আসবে সেই উদ্যোগ—এটি বড় প্রশ্ন। তার চেয়েও বড় প্রশ্ন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ঢাকার লিগগুলোকে একসঙ্গে এক ফরম্যাটে আয়োজনের কথা বলেছিলেন। তা-ও বছর পেরিয়ে গেল। কিছুই হলো না। সেই প্রসঙ্গে না গিয়ে সালাউদ্দিন এখন মাঠের সমস্যাকেই মূল সমস্যা বলছেন, ‘মাঠই বড় সমস্যা। যে কারণে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ করতে পারছি না। আগামীকাল মাঠ পেলে আগামীকালই দ্বিতীয় ও তৃতীয় বিভাগ শুরু করব। আমার হাতে তো মাঠই নেই। তা ছাড়া দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা থেকে বেরোতে তো সময় লাগবে। আমি তো চেষ্টা করছি। বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে নেওয়া হলো বিশ্বকাপ ক্রিকেটের জন্য। একটা মাত্র মাঠ কমলাপুর, সেখানে কয়টা লিগের খেলা করব? মাঠ না পেলে করার তো কিছু নেই।’বাফুফে একটি মাঠ কমিটি গঠন করেছে, সেও অনেক দিন আগের কথা। মাঠ খুঁজে নিয়মিত খেলা আয়োজনের দায়িত্ব বাফুফের। কিন্তু ‘মাঠ নেই’ যুক্তি দিয়ে পার পাওয়ার সুযোগ কি আছে?ঢাকাতেই যখন এই অবস্থা, সারা দেশের অবস্থা তো অনুমান করাই যায়।