হিলসবরোকেই প্রেরণা বানাচ্ছে লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮৯ সালে হিলসবরোয় ভিড়ের চাপে পদদলিত হয়ে নিহত হয়েছিলেন ৯৬ জন লিভারপুল সমর্থক। রোববারের ম্যাচটি তাদের স্মৃতির উদ্দেশ্যেই উত্সর্গ করেছে লিভারপুল ছবি: ফাইল ছবি
১৯৮৯ সালে হিলসবরোয় ভিড়ের চাপে পদদলিত হয়ে নিহত হয়েছিলেন ৯৬ জন লিভারপুল সমর্থক। রোববারের ম্যাচটি তাদের স্মৃতির উদ্দেশ্যেই উত্সর্গ করেছে লিভারপুল ছবি: ফাইল ছবি

একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শিরোপা-প্রত্যাশীদের প্রত্যেকের জন্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রতিটি ম্যাচ। লিভারপুল আর ম্যানচেস্টার সিটি এখনো পর্যন্ত ইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল। এই দুই দলের মুখোমুখি লড়াইটা যে মহাগুরুত্বপূর্ণ, সেটা আর নতুন করে বলার কিছু নেই। কাল রোববার এই দুই দলের লড়াইই হয়তো শিরোপার সিদ্ধান্তটা এগিয়ে রাখবে অনেকখানি। তবে ম্যাচটিতে জয়-পরাজয়-শিরোপার লড়াই ছাপিয়েও ২৫ বছর আগের হিলসবরো বিপর্যয় একটা বাড়তি আবেগ তৈরি করছে। সেই আবেগ একান্তই লিভারপুলের। সিকি শতাব্দী আগের ওই বিপর্যয়ে নিহত সমর্থকদের স্মৃতিকে প্রেরণা বানিয়েই ম্যাচটি যেকোনো মূল্যে জিততে চাইবে অলরেডরা।
১৯৮৯ সালের এফএ কাপ সেমিফাইনাল সাক্ষী হয়ে আছে ইংলিশ ফুটবলের ভয়াবহ এক ট্রাজেডির। প্রিয় দলের খেলা দেখতে শেরফিল্ডের হিলসবরো স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন বিপুলসংখ্যক লিভারপুল সমর্থক। প্রচণ্ড ভিড় আর হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন ৯৬ জন। সেই ম্যাচের আবেগি স্মৃতিকে সঙ্গী করেই আগামীকাল ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুল। নিহতদের স্মরণে ম্যাচটি শুরু হবে নির্ধারিত সময়ের সাত মিনিট পরে। কিক অফের আগে পালন করা হবে এক মিনিট নীরবতা।
অ্যানফিল্ড স্টেডিয়ামে যে একটা ভিন্ন ধরনের আবহ তৈরি হবে সেটা নিশ্চিতভাবেই বলা যায়। হিলসবরো বিপর্যয়ে নিহতদের স্মৃতি হয়তো আরও উজ্জীবিত করবে লিভারপুলের খেলোয়াড়দের। কোচ ব্রেন্ডন রজার্স এমনটাই আশা করছেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘হিলবসবোর নিয়ে আমরা বেশি কিছু বলতে পারব না কারণ এই বিষয়ে তদন্ত এখনো চলছে। কিন্তু এই দলের কোচ হিসেবে আমি জানি যে, সেই ৯৬ জন মানুষ আকাশ থেকে সব সময়ই এই দলকে সমর্থন দিয়ে যাবে। আমরা যদি এই বছরে কিছু জিততে পারি, তাহলে তাঁরাই আমাদের চিন্তায় থাকবেন।’
আবেগি এই ম্যাচটা জিততে পারলে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথেও অনেকখানি এগিয়ে যাবে লিভারপুল। ৩৩ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে তারাই আছে শীর্ষস্থানে। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানসিটি। এএফপি