
বাংলাদেশে টি-টোয়েন্টির মহাযজ্ঞে একজন হিলিও আছেন। তিনি আবার উইকেটকিপারও! ধন্ধে পড়ে গেলেন? ক্রিকেটের পাট চুকিয়ে সেই কবে অস্ট্রেলিয়ার উইকেটকিপার ইয়ান হিলি হয়ে গেছেন ধারাভাষ্যকার। বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি মাঠে থাকেন কী করে? যে হিলির কথা বলা হচ্ছে তিনি ইয়ান নন, অ্যালিসা হিলি। দুজনের মধ্যে রক্তের একটা সম্পর্ক আছে। অ্যালিসা ইয়ান হিলির ভাইঝি। আগামীকাল থেকে শুরু মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে যিনি অস্ট্রেলিয়া দলের উইকেটকিপার। অসুস্থতা ও চোটের কারণে দলের সহ-অধিনায়ক ও নিয়মিত উইকেটকিপার জডি ফিল্ডস আসতে পারেননি। সেই সুযোগে এসেছেন অ্যালিসা। সুযোগটাকে কাজে লাগিয়ে দলের এক নম্বর উইকেটকিপার হওয়াটাই এখন লক্ষ্য অ্যালিসার, ‘সুযোগের সদ্ব্যবহার করতে উন্মুখ আমি। জডি না থাকাটা হতাশার, তবে এটা আমার জন্য ভালো একটা সুযোগও।’ কাল মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন অ্যালিসারা। ওয়েবসাইট।