দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট-৩ বিজিবি গতকাল শনিবার এর আয়োজন করে। খেলায় বিএসএফ ৩ পয়েন্টে বিজিবিকে পরাজিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটায় ওই সীমান্তের দক্ষিণ বাসুদেবপুর ফুটবল মাঠে এই খেলার আয়োজন করা হয়। খেলার আগে দুই বাহিনীর সদস্যরা এ সময় নিজেদের মধ্যে পরিচিত হন।
এ সময় দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার শামসুদ্দিন, জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খসরু সাব্বির আলী, ফুলবাড়ী-৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লুৎফুল কবীর এবং ভারতের রায়গঞ্জ বিএসএফ সেক্টরের ভারপ্রাপ্ত ডিআইজি মরতু কৃষ্ণা, পতিরাম ৯৬ বিএসএফ ব্যাটালিয়নের কম্যান্ডেন্ট রাজেন সুধসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত ভলিবল ম্যাচে বিএসএফ তিন রাউন্ডের খেলায় ৩ পয়েন্টে বিজিবিকে পরাজিত করে। জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক খসরু আলী বলেন, দুই বাহিনীর মধ্যে খেলায় বন্ধুত্বের জয় হয়েছে।