হিলির ফেবারিট শ্রীলঙ্কা
দু-দুটি বিশ্বকাপ খেলেছেন। ফাইনালে খেলেছেন উপমহাদেশের ১৯৯৬ বিশ্বকাপে। কিন্তু লাহোরের ফাইনালে তাঁর দল অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। মাঝে তিন টুর্নামেন্ট পর আবার যখন সেই উপমহাদেশেই বিশ্বকাপ, ইয়ান হিলির ধারণাকে মূল্য দিতেই হয়। তাঁর ফেবারিট তালিকায় কিন্তু অস্ট্রেলিয়া নেই!‘সন্দেহাতীতভাবেই আমার ফেবারিট তালিকায় অস্ট্রেলিয়া নেই’—বলেছেন টেস্টে এক সময়কার সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডধারী উইকেটকিপার। তা হলে হিলির চোখে ফেবারিট কে? শ্রীলঙ্কা, ভারত। শিরোপা দৌড়ে কুমার সাঙ্গাকারার শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখছেন এক ধাপ, ‘স্বাভাবিক কারণেই শ্রীলঙ্কার পক্ষে বাজি ধরব আমি।’ ’৯৬ বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে তাঁর যুক্তি, ‘তারা সুসংগঠিত একটি দল। এবং বড় টুর্নামেন্টগুলোতে ভালো খেলে। ম্যাচের গতি বদলে দেওয়ার মতো মানসম্পন্ন খেলোয়াড়ও আছে তাদের।’১১৯টি টেস্ট আর ১৬৮টি ওয়ানডে খেলা হিলির বিশ্বাস, সম্ভাব্য চার সেমিফাইনালের দুটি অবশ্যই শ্রীলঙ্কা ও ভারত। সেমিফাইনালের বাকি দুটি টিকিট কাটবে কারা? হিলি এবার সংশয়ের বৃত্তে বন্দী, ‘অন্য দুটি সেমিফাইনালিস্ট নিয়ে উদ্বেগ আছে। এটা বলাটা কঠিন। কিন্তু আমার ধারণা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এই দুটি জায়গা পূরণে লড়বে।’ফেবারিট তালিকায় না রাখলেও অস্ট্রেলিয়ার সম্ভাবনাকেও তিনি বাতিল করেননি। অ্যালান বোর্ডার, পন্টিংদের সুরে হিলিও বলছেন, অস্ট্রেলিয়ার সাফল্যের মূল চাবিকাঠি হবেন পেস বোলাররা। নাথান হরিজের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার স্পিনকে দুর্বল দেখছেন হিলি, তাই মনে করেন পেসারদেরই এগিয়ে আসতে হবে। উপমহাদেশে বোলিং করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে লি দুর্দান্ত বোলিং করবেন বলেই বিশ্বাস তাঁর। মাইক হাসি আর হরিজের চোটকে দলের জন্য বড় ক্ষতি মানছেন। তাই ক্যামেরন হোয়াইট, ডেভিড হাসির মতো খেলোয়াড়দের প্রতি বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।১৯৯৬ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থেকে হিলি জানেন, ভারতে সাফল্য পেতে হলে স্পিন ভালো খেলতে হবে। স্পিনের বিপক্ষে কেউ একজন উইকেটে সেট হয়ে গেলে তাঁকে খেলতে হবে বড় ইনিংস। হিলির চোখে ফেবারিট না হলেও আরেক সাবেক ক্রিকেটার স্টিভ ওয়াহর তালিকায় অস্ট্রেলিয়া ঠিকই ফেবারিট। তবে অস্ট্রেলিয়ার ১৯৯৯ বিশ্বকাপজয়ী অধিনায়কের এক নম্বর ফেবারিট ভারত। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা চারে। ওয়েবসাইট।