ভারত আর ইংল্যান্ডের প্রায় একই অবস্থা। দুটি দলই তাদের শুরুর ম্যাচে দারুণ ব্যাটিং করেছে। দুই দলই খেলেছে হালকা প্রতিপক্ষের বিপক্ষে। দুই দলই বাজে বোলিং করেছে এবং ফিল্ডিংও হয়েছে সাধারণ মানের। দুই দলই মনে করছে এই বিশ্বকাপটা তাদেরই হবে। ভারত ভাবছে বেশি করে। আজ এর একটা উত্তর পাওয়া যাবে। আমার কাছে অবশ্য এই ম্যাচে ভারতই ফেবারিট।চার বছর পর ভারত বাংলাদেশের বিপক্ষে প্রতিশোধ নিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে তো ২৪ বছরের পুরোনো হিসাব মেটানোর ব্যাপার আছে। ১৯৮৭ সালে এই ইংল্যান্ডের কাছেই সেমিফাইনালে হেরে ভারতের বিশ্বকাপ-স্বপ্নের বিসর্জন হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে নেওয়া প্রতিশোধটা এই দলটির নিজেদের জন্য। আর ইংল্যান্ডের বিপক্ষে প্রতিশোধ নিতে পারলে সেটা হবে তাদের আগের প্রজন্মের জন্য।বেঙ্গালুরুতে দুটি প্রস্তুতি ম্যাচ বড় স্কোরের ছিল না। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৭ রান করেও জিতে গিয়েছিল ভারত। আর তাতে অবদান ছিল স্পিনারদেরই। ইংল্যান্ডকেও ভারত স্পিন-আক্রমণ দিয়েই চাপে রাখতে পারে। ইংল্যান্ডের স্পিনের বিপক্ষে ভালো না খেলার ইতিহাসও আছে। আমার বিশ্বাস, ভারত স্পিন নিয়ে জুয়া খেলবে না।বর্তমানে ইংল্যান্ড তাদের সেরা ফর্মে আছে। টি-টোয়েন্টির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, ২৪ বছরের মধ্যে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিতেছে। তবে বিশ্বকাপ ছাড়া আর কোনো কিছুই তাদের শান্তি দিতে পারে না। তবে ইতিহাসের দিকে তাকিয়ে না ফুঁসে ভারতের উচিত ইংল্যান্ডকে সমীহ করা। ইংল্যান্ডেরও একজন স্পিনার আছে। আর তাকে অনেকেই সময়ের অন্যতম সেরা স্পিনার মনে করে—গ্রায়েম সোয়ান। সে হরভজনকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবে। বুদ্ধিদীপ্ত হলে ধোনি ২-২ বোলিং অপশন বেছে নেবে। তাকে চাওলা অথবা অশ্বিনের মধ্যে একজনকে বাছতে হবে। চাওলার বৈচিত্র্য বেশি। এই কন্ডিশনে সে বোলিংয়ের পুরোধা হতে পারে। ধোনির ওপেনার বীরেন্দর শেবাগ শুরুর সুবিধাটা কীভাবে নেয় সেটিও দেখার। ইংলিশদের জন্য কেভিন পিটারসেনও একই ভূমিকা রাখবে।দুটি দলেরই রয়েছে ভালো অধিনায়ক। ধোনি ও অ্যান্ড্রু স্ট্রাউস সহজে বিচলিত হয় না। দুজনেই সম্প্রতি তাদের দলকে দারুণভাবে গড়ে তুলেছে। সামগ্রিক বিবেচনায় তাই এই ম্যাচের ফল হবে পারম্পর্যহীন। তবে এটা নিশ্চিত, আজ মাঠে সব চেষ্টাই করে দেখবে তারা। বিশ্বকাপের দ্বিতীয় বড় ম্যাচ এটা।