হিসাবের বাইরে থেকে শুরু চ্যাম্পিয়নদের!
টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলের নাম শ্রীলঙ্কা। এই তো খুব বেশি দিনের কথা নয়, ২৩ মাস আগে মিরপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে উল্লাস করেছেন লঙ্কানরা। এই শিরোপা ধরে রাখার লক্ষ্যে আজই মাঠে নামবে দলটি। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রথম পর্ব নামের ‘বাছাইপর্ব’ পেরিয়ে আসা আফগানিস্তান। জিম্বাবুয়েকে পেছনে ফেলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে পা রেখেছে আফগানরা। প্রথম ম্যাচের প্রতিপক্ষ হিসেবে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারত না অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।
হ্যাঁ, এশিয়া কাপেও যে দলটিকে লাসিথ মালিঙ্গার দল বলা হচ্ছিল তা এক সপ্তাহ পরেই হয়ে গেল ম্যাথুসের দল। চোটজর্জর মালিঙ্গা দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ায় সেই গুরুদায়িত্ব চেপে বসেছে এখন ম্যাথুসের কাঁধেই। লঙ্কান অধিনায়ক সেটি জানেন। তবে দল যে বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সেটি এক দিক দিয়ে নির্ভারই রাখছে ম্যাথুসকে, ‘কেউ আমাদের হিসাবের মধ্যে রাখছে না, এটা ভালো।’
বিস্ময়কর হলেও সত্যি যে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কেউ হিসাবে ধরছে না। গত বিশ্বকাপেই আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন কুমার সাঙ্গাকারা-জয়াবর্ধনে। চোটের সঙ্গে লড়াইয়ে হার অনেকটাই মেনে নিয়েছেন মালিঙ্গা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার পরিসংখ্যানেও এটির ছাপ পড়েছে। এ সময় ১৪ ম্যাচের ১০টিতেই হার। আজকের ম্যাচের আগে কিছুটা কোণঠাসা তারা। শ্রীলঙ্কান বোলিংয়ের মূল ভরসা মালিঙ্গাকে নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ব্যাটিং-ভরসা তিলকরত্নে দিলশান ভুগছেন ফর্মহীনতায়। দুটি প্রস্তুতি ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন তিনি।
শ্রীলঙ্কার ঠিক উল্টো দিকে আফগানিস্তান। টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ে শ্রীলঙ্কার ঠিক পরেই নয়ে থাকা দলটি এই সময়ে ১৯ ম্যাচ খেলে ১৬টিতেই জিতেছে। তবে মুখোমুখি লড়াইয়ে দুই দল আছে সমতায়। আজকেই প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি দুই দল। এ ম্যাচ নিয়ে তাই বেশ আত্মবিশ্বাসী শোনাল আফগান উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদকে, ‘আমরা শুধু অংশগ্রহণ করতে আসিনি। কিছু করেও দেখাতে চাই।’
কিছু করে দেখানোর জন্য আজকেই সবচেয়ে ভালো সুযোগ আফগানদের। এএফপি।