হুইলচেয়ারে ক্রিকেটানন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট খেলে জীবনের জয়গান। উইকেট পাওয়ার আনন্দে মেতেছেন প্রতিবন্ধী ক্রিকেটাররা। কাল পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে l প্রথম আলো
ক্রিকেট খেলে জীবনের জয়গান। উইকেট পাওয়ার আনন্দে মেতেছেন প্রতিবন্ধী ক্রিকেটাররা। কাল পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে l প্রথম আলো

নড়াইলের তরুণ দেলোয়ার হোসেনের সব স্বপ্ন ছোটবেলায় ভেঙে দেয় হেপাটাইটিস জি ভাইরাস। শরীরের ওপরের অংশ দেখে অবশ্য বোঝার উপায় নেই প্রাণচাঞ্চল্যে ভরা এই তরুণের ভরসা এখন হুইলচেয়ার।
জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতো হতে চেয়েছিলেন, স্বাভাবিকভাবেই পারেননি। এ নিয়েও কিন্তু আক্ষেপ নেই। বরং পাড়ার ছেলেদের সঙ্গে হুইলচেয়ারে বসে ক্রিকেট খেলে আনন্দ পান। এবার ঢাকায় এসেছেন জাতীয় পর্যায়ে খেলতে। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাল দিনব্যাপী জাতীয় হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেগো স্পোর্টস লিমিটেড। সেখানেই দেখা মেলে দেলোয়ারের।
এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটের ‘আইকন’ ক্রিকেটার মোহাম্মদ মোহসিন। পল্টন ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টে খেলেছে ঢাকা জায়ান্ট, খুলনা সাইক্লোন, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগাং রাইডার্স।
ক্রিকেটের নিয়মকানুন মেনে বিশেষ বলে খেলা হয়েছে। শুধু বল করতে কনুইটা ১৮০ ডিগ্রি ঘোরানো লাগেনি। ৫ ওভারের ম্যাচে খেলোয়াড় ৮ জন। হ্যান্ডবল স্টেডিয়ামের মসৃণ মেঝেতে হুইলচেয়ার ঘুরিয়ে ঘুরিয়ে ফিল্ডিং করেছেন তাঁরা। কখনো কখনো ড্রাইভ করে বল পাঠিয়ে দিয়েছেন ভিআইপি গ্যালারিতে।
খুলনার হয়ে খেলা পাবনার ক্রিকেট-পাগল সাইফুর রহমান চার বছর বয়সে পোলিওতে আক্রান্ত হন। এরপর দুই পা অবশ। চিকিৎসা করিয়েও সুস্থ হননি। তবে সুস্থ মানুষের মতোই শিক্ষাজীবন শেষে চাকরি করছেন পাবনার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। মিরপুরের এনজিডিও (ন্যাশনাল গ্রাসরুট ডিসঅ্যাবিলিটি অর্গানাইজেশন) বিভিন্ন প্রতিবন্ধীকে এক জায়গায় এনে খেলাধুলার সুযোগ করে দেয়। সেই সুবাদেই প্রতিবন্ধী ক্রিকেটের সঙ্গে তাঁর সখ্য, ‘আগে বড়দের সঙ্গে ক্রিকেট খেলতাম। তখন আমাকে রানার দেওয়া হতো। তবে এবারই প্রথম হুইলচেয়ারে খেলছি। খুবই ভালো লাগছে।’
এ যেন খেলা নয়, জীবনের মঞ্চে নিজেকে প্রমাণেরও বড় সুযোগ সাইফুরের কাছে, ‘অফিসের একজন বলছিলেন, “স্যার, আপনি কি এই অবস্থায় খেলতে পারবেন?” আমি বলেছিলাম, আত্মবিশ্বাস আছে। আসলে প্রতিবন্ধী মানুষেরাও সুযোগ পেলে সব কাজ করতে পারে। শুধু একটু সুযোগ-সুবিধা লাগবে আমাদের। ক্রিকেট বোর্ড যেন এই বিষয়গুলো দেখে।’
ঢাকার জুরাইনের নূর মোহাম্মদ মুনশি ভুল চিকিৎসায় ছোটবেলায় পঙ্গু হয়ে যান। বর্তমানে পোস্তগোলায় একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। গলির ক্রিকেট খেলা নূর ফেসবুকের মাধ্যমে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে এই টুর্নামেন্টে খেলতে এসেছেন। তাঁর স্বপ্ন, ‘বিশ্ব প্রতিবন্ধী ক্রিকেটে জায়গা করে নিতে চাই।’
সেই স্বপ্নপূরণে উৎসাহ দিতে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ, বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের কর্ণধার নাফিসা কামাল। তাঁদের পাশে রেখে পুরস্কার তুলে দিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রেনেটার ব্র্যান্ড পুরনাভার বিপণন-প্রধান এইচ এস এম কামরুল আলম।
ফাইনালে চিটাগাং রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন খুলনা সাইক্লোন। ২ উইকেটে ৬৮ রান তোলে চিটাগাং রাইডার্স। সর্বোচ্চ ৪২ রান আবু বকরের। খুলনার ইমাদুল করেন সর্বোচ্চ ২৮ রান। ১০৭ রান ও ৪ উইকেট নিয়ে টুর্নামেন্ট-সেরা রাজশাহীর জামাল।