হুট করে সিদ্ধান্ত নিচ্ছেন না দেল বস্ক

দুই ম্যাচেই হার, সাত গোল হজম, বিপরীতে বিপক্ষের জাল ছোঁয়া কেবল একবার। তাও পেনাল্টি থেকে। অর্ধযুগ ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করা দলের সঙ্গে এ পরিসংখ্যান যায় না একেবারেই।
শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়ে এসে দ্বিতীয় ম্যাচেই বিদায় নেওয়া স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের সমালোচনায় খড়্গহস্ত অনেকেই। তবে ফুটবলের ইতিহাসে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আর বিশ্বকাপজয়ী একমাত্র কোচ হুট করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, ‘আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় নয় এটা। আমাদের আছে অসাধারণ কিছু খেলোয়াড় আর চমৎকার এক ফেডারেশন। আমরা ভেঙে পড়ছি না। আমরা সেটাই করব, যেটা স্প্যানিশ ফুটবলের জন্য সবচেয়ে ভালো হবে। শুধু এই বিশ্বকাপে কী হলো সেটার ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি। হল্যান্ড আর চিলি দুই দলই আমাদের চেয়ে ভালো খেলেছে। তবে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। এখন সময় সামনের দিকে তাকানোর’—বললেন দেল বস্ক।
তবে স্প্যানিশ জাতীয় দলের ‘সনি টিমের শুভেচ্ছাদূত’ গাইজকা মেনদিয়েতা মনে করেন, দেল বস্কের সমালোচনা অযাচিত, ‘আমি মনে করি না টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার দায় দেল বস্কের। তার উচিত ফেডারেশনের সঙ্গে বসা আর সবাই মিলে ঠিক করা ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে। দেল বস্কের নতুন করে কিছু প্রমাণ করার নেই, দেশের এবং রিয়াল মাদ্রিদের হয়ে তার ভূমিকায় তিনি যথেষ্ট সম্মানিত।’
‘আমরা ডিয়েগো কস্তাকেও ঠিকমতো ব্যবহার করতে পারিনি। ওর গতিবিধি অন্যদের গোলের সুযোগ বানিয়ে দিতে সাহায্য করে কিন্তু আমরা ওর ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলাম। আর আমাদের এই পদ্ধতিতে খেলার অভিজ্ঞতাও তেমন ছিল না।’
লুইস আরাগোনেস ২০০৮ সালে লা রোজাকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানোর পর ব্যাটন হাতে নেন দেল বস্ক, দলকে জেতান ২০১০ বিশ্বকাপ আর ২০১২ ইউরো। স্পেন ফুটবলের সঙ্গে চুক্তি আছে ২০১৬ সাল পর্যন্ত। কিন্তু ব্রাজিল-বিপর্যয়ের পরও কি স্পেনের দায়িত্ব চালিয়ে যেতে চাইবেন বস্ক? নাকি নতুন একটা শুরুর জন্য দ্রুতই ব্যাটনটা সঁপে দেবেন অন্য কারও হাতে? এটি দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে। এএফপি, ওয়েবসাইট।