হুমকি অব্যাহত, তবে ফিরবেন জুলকারনাইন
সবার চোখ ফাঁকি দিয়ে যুক্তরাজ্যে পলায়ন, ক্রিকেট থেকে অবসর ঘোষণা। জুলকারনাইন হায়দার দাবি করেছিলেন, নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে এ ছাড়া কোনো উপায় ছিল না। গত বছরের নভেম্বরের ঘটনা এটি। এরপর কত নাটক! চেষ্টা করেছেন যুক্তরাজ্যে ‘আশ্রয়’ পাওয়ারও। জুলকারনাইন এবার দেশে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষকের দাবি, এখনো আগের মতোই তাঁকে টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে। তবে হুমকির পরও ফিরবেন তিনি।গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের জিও টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে জুলকারনাইন জানান, পাকিস্তান থেকে অজ্ঞাত একজন ফোন করে তাঁকে বলেছেন, ‘ফিরতে নিষেধ করার পরও তুমি ফিরছ। এর পরিণতি তোমাকে ভোগ করতে হবে।’গুঞ্জন উঠেছে, আগের মতোই টেলিফোনে হুমকি পাওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন জুলকারনাইন। তবে খবরটি উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, ‘পরিকল্পনা অনুসারেই আসছি আমি।’ এদিকে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকে জুলকারনাইন ইঙ্গিত দিয়েছেন, ২৪ এপ্রিল রোববার দেশে ফিরতে পারেন তিনি। ওয়েবসাইট।