হুমকি দিয়ে রাখলেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজার ফেদেরার
রজার ফেদেরার

রজার ফেদেরার সাধারণত নিজের খেলা নিয়ে খুব উচ্চবাচ্য করেন না। করবেনই বা কেন? তার তো এসবের দরকার নেই। এমনি এমনিই তো আর ১৭টি গ্র্যান্ডস্লাম নিজের করে নেননি তিনি! টেনিস দুনিয়ায় অসম্ভব বিনয়ী হিসেবেই তিনি পরিচিত। সেই ফেদেরারই ইউএস ওপেনের প্রথম রাউন্ডে মাঠে নামার আগে তাঁর প্রতিপক্ষকে প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রাখলেন।

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে ফেদেরারের প্রতিদ্বন্দ্বী মারিস্কো মাতসেভিচ। অস্ট্রেলীয় এই প্রতিদ্বন্দ্বীর এই মৌসুমটা একেবারেই ভালো কাটেনি। আজ মঙ্গলবার সেই মাতসেভিচকে পেয়েই কি একটু খোলসের বাইরে ফেদেরার? আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই জানিয়ে রাখলেন কোর্টে একটুও সহানুভূতি থাকবে না তাঁর মাতসেভিচের জন্য। ম্যাচটা পুরোপুরি নিয়ন্ত্রণের সব রকম অনুষঙ্গই তিনি ব্যবহার করবেন।

প্রতিপক্ষ হিসেবে মাতসেভিচ খুব একটা কঠিন কিছু, সে কথাও বলার উপায় সেই। টানা ১২টি ম্যাচ হারার পর এ বছরের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন মাতসেভিচ। প্রতিপক্ষের প্রতি কিন্তু ফেদেরারের রয়েছে যথেষ্ট শ্রদ্ধা, ‘আমি জানি মাতসেভিচ বিপজ্জনক হয়ে উঠতে পারে। কিন্তু এটা বলে রাখতে চাই, কোর্টটা আমি নিজের র্যাকেটের মতোই চিনি। তাই আমার বিপক্ষে জিততে হলে মাতসেভিচকে যথেষ্ট পরিশ্রমই করতে হবে।’ নিজের জবানিতে ফেদেরারের হুমকিটা এমনই।

এবার ষষ্ঠ ইউএস ওপেনের প্রত্যাশায় আছেন ফেদেরার। কিন্তু ব্যাপারটা তিনি মোটেও চাপ হিসেবে নিচ্ছেন না। তিনি এ জাতীয় কোনো কিছুকে প্রশ্রয়ও দিতে চান না, ‘কোর্টের গতি, বাউন্স, আবহাওয়া, আর্দ্রতা—সবকিছুর সঙ্গেই মানিয়ে নেওয়া যায়। কিন্তু চাপ খুব বাজে জিনিস। যেকোনো বিষয়েই চাপ নিয়ে নিলেই সর্বনাশ। চাপ কখনোই আপনাকে আপনার স্বাভাবিক খেলা খেলতে দেবে না।’

প্রথম রাউন্ড আজ ভালোয়-ভালোয় পার করে দিতে পারলে এবারের ইউএস ওপেনে ফেদেরারের অনেক দূরই যাওয়ার কথা। ড্র বলছে শেষ আটে গ্রেগর দিমিত্রভ ও সেমিফাইনালে ডেভিড ফেরার ছাড়া আর কোনো বড় প্রতিপক্ষ নেই ফেদেরারের সামনে। সূত্র: এএফপি।