হুমকি দিয়ে হুমকিতে জুলকারনাইন
আবার সরব হয়েছেন জুলকারনাইন হায়দার। ফেসবুকে এক ‘স্ট্যাটাস’ দিয়ে আলোড়ন তুলেছিলেন, আরেক ‘স্ট্যাটাস’ দিয়ে এবার নিজের পরিবারের বিপদ ডেকে এনেছেন। যারা বাজিকরদের কাছ থেকে টাকা নিয়েছে, তাদের নাম ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তাঁর স্ত্রী নাকি ফোনে হুমকি পেয়েছেন। কালই আবার ‘জুলকারনাইনের অন্তর্ধান-রহস্য’ নিয়ে গঠিত তদন্ত কমিটি পিসিবির কাছে জমা দিয়েছে তাদের চূড়ান্ত প্রতিবেদন। ‘যারা আমাকে নিয়ে নেতিবাচক কথাবার্তা বলছে, তারা আর পাঁচটা দিন অপেক্ষা করুক। পাঁচ দিন পর আমি তাদের চরিত্র প্রকাশ করে দেব, ফাঁস করে দেব তাদের কথাও, যারা টাকা নিয়েছে আর যারা নেয়নি’—ফেসবুকে কাল এই স্ট্যাটাস দিয়েছিলেন জুলকারনাইন। এর পরপরই ওই হুমকি দেওয়া হয় তাঁর পরিবারকে। জুলকারনাইনের ভাই আকিল হায়দার জানিয়েছেন, ‘জুলকারনাইনের স্ত্রী আজ (কাল) তিনটা ফোন কল পেয়েছে। দুটি অচেনা নম্বর থেকে, গ্রিসের একটি নম্বর থেকে। যে ফোন করেছিল, সে উর্দুতেই কথা বলেছে। জুলকারনাইন কিছু বললে এর পরিণতি ভয়াবহ বলে হুমকি দিয়েছে সে।’ এই ঘটনার পরপরই পুলিশে অভিযোগ জানান জুলকারনাইনের বাবা।‘যারা আমার সম্পর্কে নেতিবাচক কথা বলছে’ বলে জুলকারনাইন কাদের বোঝাতে চাইছেন এটা ঠিক নিশ্চিত নন। তবে দল বা বোর্ডকে না জানিয়ে চলে যাওয়ায় সংবাদমাধ্যমে অনেকবারই জুলকারনাইনের সমালোচনা করেছেন ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদি, ম্যানেজার ইন্তিখাব আলম ও পিসিবির আইন উপদেষ্টা তাফাজ্জুল রিজভি।ইন্তিখাব আছেন জুলকারনাইনের ঘটনায় গঠিত পিসিবির তদন্ত কমিটিতেও। কমিটির বাকি দুই সদস্য পিসিবির নিরাপত্তা কর্মকর্তা মেজর নাভেদ আনজুম ও ঊর্ধ্বতন কর্মকর্তা সুবহান আহমেদ। ওয়েবসাইট।